উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: রাজ্যে সাম্প্রতিক এনকাউন্টারের ঘটনা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিরোধী শিবির ও সমাজমাধ্যমের একাংশের সমালোচনার কড়া জবাব দিলেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ (Dilip Ghosh)। গত ছ’মাস আগে রাজ্যে প্রথমবার বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে ইতিমধ্যেই একাধিক এনকাউন্টারের ঘটনা ঘটেছে। বিচারবিভাগের ওপর আস্থা না রেখে প্রশাসনের এই পন্থা অবলম্বন নিয়ে বিরোধীরা প্রশ্ন তুলতে শুরু করেছে। এই বিতর্কের আবহে বুধবার দিলীপ ঘোষ সাফ জানিয়ে দেন যে, রাজ্যে অপরাধ দমনে এনকাউন্টার চলবে এবং প্রয়োজনে উত্তরপ্রদেশ বা গুজরাটের মডেল অনুসরণ করতেও সরকার পিছপা হবে না।
পঞ্চায়েতমন্ত্রী বলেন, “প্রয়োজন হলে আরও অনেক কিছুই হবে। শুধু এনকাউন্টার কেন? বুলডোজার চলছে কিনা? পুর সমাজ, রাজনীতির অপরাধীকরণ হয়ে গিয়েছে। তাকে ঠিকঠাক করতে আইন কাজ করছে, পুলিশ কাজ করছে।” সারা বিশ্ব এবং দেশের অন্যান্য রাজ্যেও এমন পদক্ষেপ নেওয়া হয় বলে দাবি করে তিনি বিরোধী শিবিরকে কটাক্ষ করে মন্তব্য করেন, “যাদের কব্জির জোর নেই তারা করে না। তারা অপরাধীদের সঙ্গে সমঝোতা করে। আমাদের সরকার তা করবে না।”
অন্যদিকে, রাজ্যের নিজস্ব সংস্কৃতি ও সত্ত্বা ক্ষুণ্ণ করে পশ্চিমবঙ্গকে ধীরে ধীরে উত্তরপ্রদেশের আদলে গড়ে তোলার চেষ্টার যে অভিযোগ সমাজমাধ্যমে উঠে আসছে, সে প্রসঙ্গেও নিজস্ব ভঙ্গিতে প্রতিক্রিয়া দিয়েছেন দিলীপ ঘোষ। তিনি বলেন, “বাংলাদেশ (Bangladesh) হলে আপত্তি ছিল না, ইউপি হলে কী অসুবিধা? যার অসুবিধা হচ্ছে বাংলাদেশে চলে যাক। বিনা ভিসায় পাঠিয়ে দিচ্ছি। দরজা খুলে দেব। যার অসুবিধা হচ্ছে বাংলায় থাকতে, সে বাংলাদেশে চলে যাক। ইউপি করব, গুজরাট করব, কারও বাপের হিম্মত থাকলে আটকাক!”
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দিলীপ ঘোষের এই বক্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে ভালো ফলের পর ২০২১ সালের বিধানসভা ভোটে বিজেপি ধাক্কা খেয়েছিল। সেই সময় থেকেই তৃণমূল কংগ্রেস বিজেপির বিরুদ্ধে ‘বাংলা-বিরোধী’ ও ‘বাঙালি-বিরোধী’ তকমা দিয়ে প্রচার চালিয়েছিল। এমনকি ২০২১-এর নির্বাচনের পর প্রবীণ বিজেপি নেতা তথাগত রায়ও ভিনরাজ্যের নেতাদের ভূমিকা ও হিন্দি ভাষার আগ্রাসন নিয়ে প্রশ্ন তুলেছিলেন। ২০২৪ সালের লোকসভা ভোটেও একই কৌশলে বিজেপির আসন সংখ্যা ১৮ থেকে ১২-তে নামিয়ে এনেছিল তৃণমূল। তবে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূলকে পরাজিত করে প্রথমবার বাংলায় ক্ষমতায় এসেছে বিজেপি (BJP)। বর্তমান সামাজিক প্রেক্ষাপটে বাংলা ও বাঙালির আখ্যান নিয়ে যখন নতুন করে চর্চা শুরু হয়েছে, তখন দিলীপ ঘোষের এই মন্তব্য থেকে স্পষ্ট যে বিজেপি তাদের রাজনৈতিক অবস্থানে কোনো বদল আনতে নারাজ।

