উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দিল্লি (Delhi), পশ্চিমবঙ্গ সহ দেশের বিভিন্ন প্রান্তে একযোগে হানা দিল সিবিআই (CBI)। হানা দিয়েছে হরিয়ানা, রাজস্থান, গুজরাত এবং কেরলেও। হঠাৎ কী কারণে সিবিআইয়ের এমন অভিযান?
জানা গিয়েছে, ডিজিটাল গ্রেপ্তার (Digital arrest) করে প্রতারণা মামলার তদন্তে এমন অভিযান শুরু করেছে সিবিআই। বুধবার দেশের মোট ৪০টি জায়গায় তল্লাশি অভিযান (Search Operation) চালান তদন্তকারী আধিকারিকেরা। অভিযানে মোবাইল, ল্যাপটপ, কেওয়াইসি নথি, সিম কার্ড এবং হোয়াট্সঅ্যাপ মারফত কিছু কথোপকথনের তথ্য সংগ্রহ করছে সিবিআই।
সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ সাইবার অপরাধ সংক্রান্ত পোর্টাল ‘ইন্ডিয়ান সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টারে’ ৯টি অভিযোগ জমা পড়েছিল। আন্তর্জাতিক প্রতারণাচক্র তাঁদের ডিজিটাল গ্রেপ্তার করে প্রায় সাড়ে চার কোটি টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ। ওই অভিযোগগুলির ভিত্তিতে এফআইআর রুজু করে তদন্তে নামে সিবিআই।
তদন্তে বিভিন্ন সুত্র ধরে ৪০ জনকে শনাক্ত করা হয়। তদন্তকারীদের সন্দেহ, তাঁরা প্রত্যেকেই ‘ডিজিটাল গ্রেপ্তার অপরাধচক্রের সঙ্গে জড়িত।
তদন্তকারীরা আরও জানতে পারেন, অন্যের নামে থাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলির পাশাপাশি হাওয়ালার মাধ্যমেও নিজেদের মধ্যে আর্থিক লেনদেন চালাতেন চক্রের সদস্যেরা। প্রতারণা করে হাতিয়ে নেওয়া টাকার কিছু অংশ দেশের বিভিন্ন এটিএম থেকে তোলা হয়েছে। বাকি টাকা বিদেশে পাঠিয়ে দেওয়া হত। এছাড়াও প্রায় ১৫ হাজার আইপি অ্যাড্রেসও বিশ্লেষণ করে দেখা যায় কম্বোডিয়া থেকে এই প্রতারণাচক্রটি নিয়ন্ত্রিত হচ্ছে।
ইদানিং কালে দেশ জুড়ে ডিজিটাল গ্রেপ্তারের ফাঁদে পড়েছেন সাধারণ মানুষজন। এতে লাখ লাখ টাকা খুইয়েছেন অনেকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রতারণার এই চক্রের বিষয়ে দেশবাসীকে সতর্ক করেছেন।
