উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ তৃণমূলের (TMC) অন্দরে থেকেও দীর্ঘ দিন ধরে নিজের নিরপেক্ষ অবস্থান বজায় রেখেছেন তিনি। দলীয় গণ্ডি পেরিয়ে বিরোধী শিবিরের তারকাদের সঙ্গে পেশাদার সম্পর্ক বজায় রাখা কিংবা ‘ব্যান’ সংস্কৃতির বিরুদ্ধে সরব হওয়া— দেব (Dev) বরাবরই টলিপাড়ায় ‘ব্যতিক্রমী’। রাজ্যে সরকার পরিবর্তনের পর, নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বিষয়ে প্রশ্ন উঠতেই মেদিনীপুরের ভূমিপুত্র হিসেবে এক নতুন বার্তা দিলেন টলি তারকা তথা সাংসদ।
সম্প্রতি একটি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) নিয়ে প্রশ্ন করা হলে একগাল হেসে দেব বলেন, “ভাল তো! মেদিনীপুর সব সময় এগিয়ে ছিল, আছে এবং থাকবে।” তাঁর এই মন্তব্যকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন চর্চা। অনেকেই মনে করছেন, রাজনৈতিক আদর্শ ভিন্ন হলেও রাজ্যের উন্নয়ন ও নিজের জেলার অগ্রগতিতে তিনি বর্তমান সরকারের সঙ্গে ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়েই এগিয়ে যেতে চান।
বিধানসভা নির্বাচনের পর রাজ্যে এই রাজনৈতিক বদলকে স্বাগত জানিয়েছেন অভিনেতা। ইন্ডাস্ট্রি নিয়ে নিজের দীর্ঘদিনের ক্ষোভের কথা গোপন করেননি তিনি। দেব স্পষ্ট জানিয়েছেন, তিনি আশা করেন নতুন সরকার আসার পর ইন্ডাস্ট্রিতে আর কেউ কাউকে ‘ব্যান’ করতে পারবে না। তাঁর কথায়, প্রযোজকদের ওপর আর কোনো নিয়ম বা চাপের বোঝা থাকবে না। সুষ্ঠুভাবে কাজ হবে।
বিধানসভা নির্বাচনের সময় অসুস্থতা সত্ত্বেও শেষ মুহূর্ত পর্যন্ত দলের হয়ে প্রচারের ময়দানে দেখা গিয়েছে দেবকে। তবে ফল প্রকাশের পর তাঁর পাখির চোখ এখন শুধুই অভিনয়। রাজনীতিতে নিজেকে গুটিয়ে নিতে চাওয়ার ইঙ্গিত দিয়ে তিনি জানিয়েছেন, ক্যামেরার সামনে ফিরে যেতেই তিনি বেশি আগ্রহী।
রাজনীতির ভাঙাগড়ার খেলা শেষে দেবের মূলমন্ত্র এখন একটাই— “যিনি বা যাঁরা ইন্ডাস্ট্রির ভালো চাইবেন, নেপথ্যে থেকে তিনি সবসময় তাঁদের পাশে থাকবেন। রাজনৈতিক মহলের মতে, দেবের এই ‘নিরপেক্ষ’ এবং ‘গঠনমূলক’ অবস্থানই তাঁকে বর্তমান নতুন রাজনৈতিক পরিসরে এক ভিন্ন পরিচয় দিয়েছে।
