উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: ক্যামাক স্ট্রিটে (Camac Road) কালীঘাট তৃণমূলের দলীয় দপ্তরে বিলবোর্ড সরানোকে কেন্দ্র করে অশান্তির ঘটনায় শেক্সপিয়র সরণি থানায় হাজিরা দিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন (Derek O’brien)। প্রথম নোটিশে সাড়া না দিলেও বুধবার সকাল ১০টায় থানায় পৌঁছে যান তিনি। একই মামলায় বুধবার বেলা ১২টায় তলব করা হয়েছে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়কেও।
গত বৃহস্পতিবার কলকাতা পুরসভার আধিকারিকেরা ক্যামাক স্ট্রিটে অভিষেকের অফিস থেকে একটি ‘অবৈধ ও বিপজ্জনক’ বিলবোর্ড সরাতে গেলে তুমুল গোলমাল বাধে। পুরকর্মী ও পুলিশকে বাধা দেওয়া, মারধর এবং মহিলা পুলিশকর্মীদের হেনস্তা ও শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ ওঠে। এই ঘটনায় মোট তিনটি এফআইআর দায়ের হয়েছে, যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও ডেরেক ও’ব্রায়েনের নাম রয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রথম নোটিশে সোমবার তলব করা হলেও ডেরেক হাজিরা দেননি। পরবর্তীতে দ্বিতীয় নোটিশ পেয়ে তিনি বুধবার নির্দিষ্ট সময়ে থানায় হাজির হন। এই মামলায় ইতিমধ্যেই মঙ্গলবার সাড়ে পাঁচ ঘণ্টা ম্যারাথন জেরা করা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee)। থানা থেকে বেরিয়ে অভিষেক ১০০০ পুলিশকর্মী পাঠানোর তীব্র সমালোচনা করে বলেন, গণতন্ত্রের কণ্ঠরোধ করার জন্যই এটি করা হচ্ছে। পাশাপাশি, মহিলা পুলিশকর্মীদের শ্লীলতাহানির অভিযোগ সম্পূর্ণ উড়িয়ে দিয়ে তিনি উলটে ১৩ জন কর্মীকে অবৈধভাবে গ্রেপ্তার করার অভিযোগ তোলেন।
তদন্তের স্বার্থে এই মামলায় তৎপরতা বাড়িয়েছে পুলিশ। বুধবার অভিষেকের আপ্তসহায়ক সুমিত রায়কে তলব করার পাশাপাশি বৃহস্পতিবার হাজিরা দেওয়ার জন্য নোটিশ পাঠানো হয়েছে তৃণমূল নেতা বৈশ্বানর চট্টোপাধ্যায় এবং প্রাক্তন বিধায়ক হুমায়ুন কবীরকেও। রাজনৈতিক মহলের মতে, ক্যামাক স্ট্রিট কাণ্ডের জল কোন দিকে গড়ায়, এখন সেটাই দেখার।

