উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: দক্ষিণ-পশ্চিম দিল্লির (Delhi) দিল্লি বিশ্ববিদ্যালয়ের (DU) সাউথ ক্যাম্পাস সংলগ্ন সত্য নিকেতন এলাকায় ভেঙে পড়ল একটি পাঁচ তলা ছাত্রাবাস (PG) । রবিবার দুপুর প্রায় ১:৩০ নাগাদ এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। ঘিঞ্জি ও সংকীর্ণ ওই এলাকায় ভবনটি ধসে পড়ার পর অন্তত ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে এবং ৩ জন গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন। ধ্বংসস্তূপের নিচে এখনও বহু মানুষ আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।
প্রত্যক্ষদর্শীদের অনুমান, প্রায় ৪০ থেকে ৫০ জন ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে থাকতে পারেন। যদিও সরকারিভাবে এই সংখ্যার কথা এখনও নিশ্চিত করা হয়নি। খবর পেয়েই যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ শুরু হয়েছে।
জানা গিয়েছে, ধসে পড়া ভবনটি প্রায় ৪০ থেকে ৫০ বছরের পুরোনো। দুর্ঘটনার সময় ভবনটির বেসমেন্টে নির্মাণ বা সংস্কারের কাজ চলছিল। বেসমেন্টে খোঁড়াখুঁড়ির কারণে ভবনের ভিত্তি দুর্বল হয়ে এই বিপর্যয় ঘটল কি না, তা নিয়ে বড়সড় প্রশ্ন দেখা দিয়েছে। ঘটনাস্থলটি অত্যন্ত ঘিঞ্জি হওয়ায় উদ্ধারকারী দলের বেশ বেগ পেতে হচ্ছে। তবুও সময় নষ্ট না করে ধ্বংসস্তূপ সরিয়ে আটকে পড়াদের বের করে আনার প্রক্রিয়া অব্যাহত রয়েছে।
দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর দফতর (PMO) থেকে সামাজিক মাধ্যম ‘এক্স’-এ পোস্ট করে বলা হয়, “দিল্লির সত্য নিকেতনে ভবন ধসে পড়ার ঘটনাটি অত্যন্ত বেদনাদায়ক। যাঁরা স্বজন হারিয়েছেন তাঁদের সমবেদনা জানাই। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। প্রশাসন ঘটনাস্থলে কাজ করছে এবং ক্ষতিগ্রস্তদের সাহায্য করছে।”
অন্যদিকে, ঘটনার পরেই এইমস (AIIMS) ট্রমা সেন্টারে যান দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। সেখানে উদ্ধার হওয়া আহতদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। কড়া হুঁশিয়ারি দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “এই ঘটনার তদন্ত করা হবে এবং এর পেছনে যাঁরই গাফিলতি থাকুক না কেন, কাউকেই রেহাই দেওয়া হবে না।”

