উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রূপোলি পর্দার চাকচিক্য আর সোশ্যাল মিডিয়ার (Social Media) হাসিখুশি ছবির আড়ালে যে এক যন্ত্রণাদায়ক জীবন লুকিয়ে থাকতে পারে, তার প্রমাণ দিলেন জনপ্রিয় সংগীতশিল্পী ও ইনফ্লুয়েন্সার দেবলীনা নন্দী (Debolina Nandy)। স্বামী প্রবাহর সঙ্গে দাম্পত্য কলহ এবং মানসিক অবসাদ সহ্য করতে না পেরে সম্প্রতি আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন তিনি। সময়মতো চিকিৎসা শুরু হওয়ায় প্রাণে বেঁচে গেলেও দেবলীনার বর্তমান মানসিক পরিস্থিতি (Psychological Well being) পরিবার ও চিকিৎসকদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে।
বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। তবে বিপন্মুক্ত হওয়ার পর থেকেই শুরু হয়েছে সোশ্যাল মিডিয়া ট্রায়াল। নেটনাগরিকদের লাগাতার কাটাছেঁড়া এবং ব্যক্তিগত জীবন নিয়ে চর্চায় মানসিকভাবে আরও বিধ্বস্ত হয়ে পড়েছেন এই গায়িকা। বুধবার ফেসবুক লাইভে দেবলীনার দিদি শর্মিষ্ঠা তাঁর বোনের শারীরিক ও মানসিক অবস্থার এক বিস্ফোরক বিবরণ তুলে ধরেন।
শর্মিষ্ঠা জানান, দেবলীনা বর্তমানে মারাত্মক ‘ট্রমা’-র মধ্য দিয়ে যাচ্ছেন। তিনি অনবরত কেঁদে চলেছেন এবং বারবার স্বামী প্রবাহর সঙ্গে কথা বলতে চাইছেন। অথচ অত্যন্ত আশ্চর্যের বিষয় হলো, দেবলীনার এই গুরুতর পরিস্থিতির কথা জানা সত্ত্বেও তাঁর স্বামী বা শ্বশুরবাড়ির কোনো সদস্য এখনও পর্যন্ত একবারের জন্যও হাসপাতালে তাঁর খোঁজ নিতে আসেননি। এই চরম অবহেলা দেবলীনাকে আরও অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে।লাইভে শর্মিষ্ঠা আরও জানান, হাসপাতালের চিকিৎসকরাও দেবলীনাকে নিয়ে রীতিমতো উদ্বিগ্ন। তিনি শারীরিকভাবে স্থিতিশীল হলেও মানসিকভাবে ভেঙে পড়েছেন।
পরিবারের দাবি, সোশ্যাল মিডিয়ার নেতিবাচক মন্তব্য এবং স্বামীর উদাসীনতা দেবলীনার পরিস্থিতি আরও জটিল করে তুলছে। একসময়ের প্রাণবন্ত এই তরুণী এখন কারো সঙ্গে কথা বলতে চাইছেন না। তাঁর এই কঠিন সময়ে পরিবার ও অনুগামীরা প্রার্থনা করছেন, যেন তিনি দ্রুত এই মানসিক ট্রমা কাটিয়ে সুস্থ জীবনে ফিরে আসতে পারেন।
