উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ডেভিড এবং ভিক্টোরিয়া বেকহ্যামের সঙ্গে তাদের বড় ছেলে ব্রুকলিন পেল্টজ বেকহ্যামের পারিবারিক বিরোধ এখন আর চার দেয়ালের মাঝে সীমাবদ্ধ নেই। সম্প্রতি ইনস্টাগ্রামে একে অপরকে ‘আনফলো’ করার মাধ্যমে এই ফাটল এখন জনসমক্ষে চলে এসেছে।
সোশ্যাল মিডিয়ায় ডেভিড ও ভিক্টোরিয়া কেবল ব্রুকলিনকেই নয়, বরং তাঁর স্ত্রী নিকোলা পেল্টজকেও আনফলো করেছেন। এমনকি ব্রুকলিনের সঙ্গে তাঁর ভাই রোমিও এবং ক্রুজেরও কোনও অনলাইন যোগাযোগ নেই বলে জানা গিয়েছে।
সূত্রের খবর, ২০২২ সালে ব্রুকলিন ও নিকোলার বিয়ের সময় থেকেই ঝামেলার শুরু। বিয়ের পোশাক এবং অনুষ্ঠানের বিশেষ একটি ড্যান্স পারফরম্যান্স নিয়ে ভিক্টোরিয়া ও নিকোলার মধ্যে তিক্ততা তৈরি হয়েছিল বলে জানা যায়। গত মে মাসে ডেভিডের ৫০তম জন্মদিনের জমকালো অনুষ্ঠানে ব্রুকলিন ও নিকোলা অনুপস্থিত ছিলেন, যা এই দূরত্বকে আরও বাড়িয়ে দিয়েছে।
সম্প্রতি ব্রুকলিন একটি ভিডিও শেয়ার করে নিকোলাকে ‘সবসময় বেছে নেবেন’ বলে জানান। এর কিছু পরেই ছোট ছেলে ক্রুজ বাবা-মায়ের প্রশংসায় একটি পোস্ট করেন, যা পরোক্ষভাবে এই পারিবারিক বিভক্তিকেই ইঙ্গিত করে বলে মনে করছেন অনেকে।
