মুম্বই: ভারত সফরে ডেভিড বেকহ্যাম। বেশ কিছু কর্মসূচি নিয়ে ইউনিসেফের দূত হয়ে এদেশে এসেছেন কিংবদন্তি ইংলিশ ফুটবলার। মুম্বইতে বেকহ্যামকে স্বাগত জানান ইউনিসেফের ভারতীয় অ্যাম্বাসাডর আয়ুষ্মান খুরানা। ভারতীয় রীতি রেওয়াজ মেনে তাঁকে অভ্যর্থনা জানানো হয়। এমন আতিথেয়তায় আপ্লুত বেকহ্যাম। সমাজমাধ্যমে ভারত সফরের ছবি পোস্ট করে তিনি লেখেন, ‘যে আন্তরিকতার সঙ্গে স্বাগত জানানো হয়েছে তাতে আমি মুগ্ধ। মুম্বইয়ে কিছু সুন্দর স্মৃতি রইল।’
ভারতে যুবসমাজ ও শিশু অধিকার রক্ষা সংক্রান্ত একাধিক কর্মসূচিতে অংশ নেন বেকহ্যাম। তিনি পৌঁছে গিয়েছিলেন ভাইজ্যাগের একটি আবাসিক বিদ্যালয়ে। সেই স্কুলের ছাত্রছাত্রীদের সঙ্গে বেশ কিছুক্ষণ সময় কাটান ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক। খুদে ফুটবলারদের সঙ্গে মুম্বইয়ের কুপারেজ স্টেডিয়ামে বল পায়ে নেমে পড়েছিলেন তিনি।
ভারত সফরের অভিজ্ঞতা নিয়ে বেকহ্যাম বলেছেন, ‘যেসব শিশু ও তরুণদের সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে, ওদের দেখে আমি মুগ্ধ। খুব অল্প বয়স থেকেই ভবিষ্যতের জন্য লড়ছে ওরা। এই পথ চলা আমাদের মনে করিয়ে দিতে বাধ্য ওদের জন্য আমাদের বিনিয়োগ কতটা জরুরি।’
