Dakshin Dinajpur | প্রেমের সম্পর্কে প্রতারণা ও বিষ খেয়ে যুবকের মৃত্যু, পতিরাম থানায় দায়ের অভিযোগ

Dakshin Dinajpur | প্রেমের সম্পর্কে প্রতারণা ও বিষ খেয়ে যুবকের মৃত্যু, পতিরাম থানায় দায়ের অভিযোগ

খেলাধুলা/SPORTS
Spread the love


পতিরাম: দীর্ঘদিনের প্রেমের সম্পর্কে প্রতারণার জেরে বিষপান করে এক তরুণের আত্মহত্যার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল দক্ষিণ দিনাজপুরের (Dakshin Dinajpur) পতিরামের নাজিরপুর পঞ্চায়েতের খাঁপুর কালীনগর (Kalinagar) এলাকায়। মৃত যুবকের নাম বিমান সরকার (২৬)। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়ার পাশাপাশি তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। মৃতের পরিবারের পক্ষ থেকে প্রেমিকার বাবা-সহ তিনজনের বিরুদ্ধে পতিরাম থানায় (Police Station) লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, চিঙ্গিসপুর দওঘাট এলাকার এক তরুণীর সঙ্গে বিগত দুই-তিন বছর ধরে বিমানের প্রেমের সম্পর্ক ছিল। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও চলছিল। সেই উদ্দেশ্যে পরিযায়ী শ্রমিক বিমান নিজের এলাকায় পাকা বাড়ি নির্মাণের কাজ শুরু করেছিলেন। অভিযোগ, সম্প্রতি ওই তরুণী অন্য একটি সম্পর্কে জড়িয়ে পড়েন। বিষয়টি জানতে পেরে মানসিকভাবে ভেঙে পড়েন বিমান। পরিবারের দাবি, মঙ্গলবার তিনি বিষপান করেন। আশঙ্কাজনক অবস্থায় বালুরঘাট জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তাঁর মৃত্যু হয়।

মৃতের প্রতিবেশীদের অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বিমান ওই তরুণীকে দামি মোবাইল, গয়না এবং বিভিন্ন মূল্যবান সামগ্রী উপহার দিয়েছিলেন। প্রতারিত হয়েই চরম পথ বেছে নিতে বাধ্য হন তিনি।

ঘটনার পর মৃতের কাকা বিশ্বজিৎ সরকার এবং এলাকাবাসীরা পতিরাম থানায় তরুণীর বাবা উজ্জ্বল বর্মণসহ তিনজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থার দাবিতে লিখিত অভিযোগ দায়ের করেন। ময়নাতদন্তের পর যুবকের দেহ গ্রামে পৌঁছালে শোকের আবহের পাশাপাশি গ্রামবাসীদের মধ্যে প্রবল ক্ষোভ ছড়িয়ে পড়ে। তাঁরা ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। পতিরাম থানার পুলিশ জানিয়েছে, লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *