Dakshin Dinajpur | আন্ডারপাসের উচ্চতায় বিতর্ক, বন্ধ কাজ

Dakshin Dinajpur | আন্ডারপাসের উচ্চতায় বিতর্ক, বন্ধ কাজ

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


পঙ্কজ মহন্ত, বালুরঘাট: জোরকদমে চলছে দক্ষিণ দিনাজপুরের (Dakshin Dinajpur) বালুরঘাট-হিলি রেল সম্প্রসারণের কাজ। চলাচলের সুবিধার জন্য বিভিন্ন জায়গায় রেল ওভারব্রিজ সহ আন্ডারপাসের কাজ চলছে। কিন্তু বুধবার বিকেলে বালুরঘাটের বঙ্গি এলাকায় রাস্তা থেকে অনেক নীচে আন্ডারপাস তৈরি করা হচ্ছে বলে অভিযোগে তোলেন এলাকাবাসী। এমনকি, এদিন আন্ডারপাসের নীচে জল জমে থাকার আশঙ্কায় কাজ বন্ধ হয়ে যায়। রেলমন্ত্রকের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন সুপারভাইজার।

জেলাবাসীর দীর্ঘদিনের দাবি, বালুরঘাট থেকে হিলি রেল সম্প্রসারিত হোক। এতদিন শম্বুকগতিতে এগিয়েছে কাজ। দীর্ঘদিন আগে খিদিরপুর এলাকায় আত্রেয়ী নদীর ওপরে সেতুস্তম্ভ তৈরি হলেও তা পড়ে ছিল। অবশেষে প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু হয়েছে। ইতিমধ্যে চকভৃগু এলাকায় রেল ওভারব্রিজ সহ আন্ডারপাসের কাজ শুরু করেছে রেল। কিন্তু এরমধ্যে বঙ্গিতে কাজের গতিরোধ হল।

সুপারভাইজার দীপক সিং বলেন, ‘কংক্রিট ঢালাইয়ের কাজ শুরু হলে আন্ডারপাস রাস্তার উচ্চতায় চলে আসবে। কিন্তু বাধার মুখে কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। রেলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানাব। নির্দেশমতো কাজ হবে।’ স্থানীয় বিশ্বনাথ মণ্ডল বলেন, ‘রাস্তার ওপরে যে ব্রিজ তৈরি হচ্ছে, তা অনেক নীচু। রাস্তার সমান হলে ভালো হয়। না হলে নোংরা জল এসে জমবে নীচে। আমরা যাতায়াত করতে পারব না। এখানে আন্ডারপাস না করে লেভেল ক্রসিং তৈরি করলেও আমাদের সমস্যা নেই। কিন্তু এখানকার কর্মী, আধিকারিকদের অভিযোগ জানিয়ে লাভ হয়নি। ওঁরা কর্ণপাত করছেন না।’

আরেক স্থানীয় বাসিন্দা সুদেব মহন্ত বলেন, ‘রাস্তা থেকে প্রায় দশ ফুট নীচে ব্রিজ তৈরি হচ্ছে। বর্ষায় এলাকা ডুবে যাবে। পড়ুয়ারা স্কুল-কলেজে যেতে পারবে না। রেল ওপর দিয়ে যাক, সমস্যা নেই। কিন্তু রাস্তার সঙ্গে উচ্চতা যেন ঠিক থাকে।’

স্থানীয় সিতেন বর্মনের অভিযোগ, ‘এই রাস্তা দিয়ে ২৫ থেকে ৩০ হাজার মানুষ যাতায়াত করেন। রেল কর্তৃপক্ষ জল জমলে পাম্প দিয়ে জল বের করে দেওয়ার কথা জানাচ্ছে। কতদিন তারা এভাবে জল সেচ করবে? আমাদের কথামতো কাজ না হলে কাজ বন্ধ থাকবে।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *