উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় ‘মন্থা’ (Montha) মঙ্গলবার রাতে অন্ধ্রপ্রদেশের কাকিনাড়ার কাছে আছড়ে পড়া শুরু করেছে বলে জানাল ভারতের আবহাওয়া দপ্তর (IMD)। থাই ভাষায় ‘মন্থা’ শব্দের অর্থ ‘সুগন্ধি ফুল’ হলেও, প্রকৃতির এই রোষ বর্তমানে উপকূলবর্তী এলাকায় তীব্র আতঙ্ক সৃষ্টি করেছে।
আবহাওয়া দপ্তরের সর্বশেষ আপডেট অনুযায়ী, ঘূর্ণিঝড়টি ক্রমশ উত্তর এবং উত্তর-পশ্চিম দিকে সরতে থাকবে এবং আগামী ৩-৪ ঘণ্টার মধ্যে মাছলিপত্তনম ও কলিঙ্গপত্তনমের মধ্য দিয়ে কাকিনাড়ার কাছাকাছি অন্ধ্রপ্রদেশের উপকূল অতিক্রম করবে। এই সময় এটি একটি প্রবল ঘূর্ণিঝড়ের (Extreme Cyclonic Storm) রুপ নেবে, যার সর্বোচ্চ গতিবেগ থাকবে ঘণ্টায় ৯০-১০০ কিলোমিটার, যা দমকা হাওয়ার সঙ্গে ১১০ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে।
ঘূর্ণিঝড়ের মারাত্মক প্রভাব পড়ার আশঙ্কা করা হচ্ছে মোট সাতটি জেলায়: কাকিনাড়া, কৃষ্ণা, এলুরু, পূর্ব গোদাবরী, পশ্চিম গোদাবরী,ডঃ বি আর আম্বেদকর কোনাসীমা এবং আল্লুরি সীতারামা রাজু জেলার চিন্তুরু ও রামপাছোডাভারম ডিভিশনে। সতর্কতা হিসেবে, অন্ধ্রপ্রদেশ সরকার মঙ্গলবার রাত ৮.৩০টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত এই সাতটি জেলায় সমস্ত যানবাহনের চলাচল স্থগিত রাখার নির্দেশ দিয়েছে। রাজ্যের মোট ২২টি জেলার ৪০৩টি এলাকায় ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে পারে বলে প্রশাসন জানিয়েছে।
সরকার পরিস্থিতি মোকাবিলায় ব্যাপক প্রস্তুতি নিয়েছে। উপড়ে পড়া গাছ দ্রুত সরানোর জন্য ১,৪৪৭টি আর্থমুভার, ৩২১টি ড্রোন এবং ১,০৪০টি চেইন-করাত প্রস্তুত রাখা হয়েছে। নিরবচ্ছিন্ন জরুরি যোগাযোগের জন্য ৮১টি ওয়ারলেস টাওয়ার এবং ২১টি বড় বাতিস্তম্ভ স্থাপন করা হয়েছে। কৃষি ক্ষেত্রে ক্ষতির পূর্বাভাস দিয়ে নিচু এবং জলমগ্ন এলাকায় থাকা ফসলের ব্যাপক ক্ষতি হওয়ার সতর্কতাও জারি করা হয়েছে।
রাজ্যের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু পরিস্থিতি খতিয়ে দেখতে একটি বৈঠকের আয়োজন করেন। বৈঠকে কর্মকর্তারা তাঁকে জানান যে, নেল্লোর জেলাতেই এখনও পর্যন্ত সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে। সাধারণ মানুষকে আবহাওয়ার পুর্বাভাস সংক্রান্ত এবং প্রশাসনের জারি করা নির্দেশিকা কঠোরভাবে মেনে চলতে অনুরোধ জানানো হয়েছে।
অপরদিকে এই ঘুর্ণিঝড়ের প্রভাবে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গেও। এর দরুন বুধবার দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এর পাশাপাশি উত্তরবঙ্গেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।
