CV Ananda Bose | গেট বন্ধ, ঢুকতে পারলেন না যুবভারতীতে! অপেক্ষা করে ফিরতে হল রাজ্যপালকে

CV Ananda Bose | গেট বন্ধ, ঢুকতে পারলেন না যুবভারতীতে! অপেক্ষা করে ফিরতে হল রাজ্যপালকে

খেলাধুলা/SPORTS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: টিকিট কেটেও লিওনেল মেসিকে (Lionel Messi) দেখতে না পেয়ে শনিবার যুবভারতীতে ক্ষোভে ফেটে পড়েন দর্শকরা। রীতিমতো ভাঙচুর চলে স্টেডিয়ামে। এই ঘটনায় এদিন দুপুরেই ইভেন্টের আয়োজক, রাজ্য সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Ananda Bose)। এরপর সন্ধ্যাতেও পরিস্থিতি খতিয়ে দেখতে যুবভারতীতে যান তিনি। কিন্তু গেট বন্ধ থাকায় ভেতরেই ঢুকতে পারেননি রাজ্যপাল। এমনকি তিনি সেখানে পৌঁছতেই আলো নিভিয়ে দেওয়া হয় বলেও অভিযোগ। কিছুক্ষণ অপেক্ষা করে সেখানে থেকে ফিরে যান তিনি। এহেন ঘটনায় রীতিমতো ক্ষুব্ধ রাজ্যপাল বোস।

রাজ্যপাল জানিয়েছেন, সকলকে জানিয়েই তিনি যুবভারতীতে গিয়েছিলেন। কিন্তু তারপরেও বন্ধ ছিল গেট। বেশ কিছুক্ষণ গেট খোলার অপেক্ষাও করেছিলেন তিনি। তবে কেন তাঁকে আটকে দেওয়া হল, রাজ্যের কাছে এর ব্যাখ্যা চেয়েছেন রাজ্যপাল। এদিন ক্ষোভ উগরে দিয়ে তিনি বলেন, ‘৩ নম্বর গেটে আসতে বলা হয়েছিল। আমি সেই রকমই এসেছি। সাংবিধানিক প্রধানকে আটকানোর চেষ্টা এটা। আমার রিপোর্ট তৈরি আছে।’ এরপরই তিনি বলেন, ‘আজকের বিশৃঙ্খলার জন্য কে দায়ী সেই জবাব রাজ্যকে দিতে হবে। রাজ্যপাল কোনও রাবার স্ট্যাম্প নয়। বাংলা কি এভাবে রাজ্যপালকে ট্রিট করে? আমি এটাও খেয়াল করেছি, আমি এখানে আসার পরই আলো নিভিয়ে দেওয়া হল। আমি ঢুকতে না পারলেও সত্য লুকিয়ে রাখা যাবে না।’ রবিবার তিনি ফের যুবভারতী পরিদর্শনে আসবেন বলে জানিয়েছেন।

উল্লেখ্য, এদিন দুপুরেই যুবভারতীর ঘটনায় ক্ষোভপ্রকাশ করেছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। হাজার হাজার টাকা দিয়ে টিকিট কেটে কেন সাধারণ মানুষ মেসিকে দেখতে পারলেন না, সেই প্রশ্ন তুলেছিলেন। অপর্যাপ্ত ভিড় নিয়ন্ত্রণ ব্যবস্থ, আগাম প্রস্তুতির অভাবেই এই পরিস্থিতি হয়েছে বলে অভিযোগ করেছিলেন রাজ্যপাল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *