উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মুর্শিদাবাদে বাবরি মসজিদ নিয়ে হুংকার ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের। তাঁর একের পর এক মন্তব্যে ঝড় উঠেছে রাজ্যে। এই পরিস্থিতিতে আসরে নামলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তাঁর সাফ কথা, ‘হুমায়ুনের মন্তব্যে যদি কোনওভাবে রাজ্যে আইনশৃঙ্খলার অবনতি হয়, তাহলে ভরতপুরের বিধায়ককে প্রিভেনটিভ অ্যারেস্ট বা আগাম গ্রেপ্তার করা হবে।’ এ নিয়ে ইতিমধ্যেই লোকভবনের তরফে রাজ্য সরকারকে চিঠি দেওয়া হয়েছে।
আগামী ৬ ডিসেম্বর মুর্শিদাবাদের বেলডাঙ্গাতে বাবরি মসজিদের শিলান্যাস করার কথা ঘোষণা করেছেন হুমায়ুন কবীর। কিন্তু মসজিদের জমির জন্য অসহযোগিতা করছে প্রশাসন, এমনই অভিযোগ বিধায়কের। এমতাবস্থায় ফের রনংদেহি মূর্তি হুমায়ুনের। রীতিমতো সাংবাদিক বৈঠক করে বেলডাঙার এসডিপিও-র বিরুদ্ধে তিনি বলেন, ‘আগুন নিয়ে খেলবেন না। পরিষ্কার করে সতর্ক করছি মুর্শিদাবাদ জেলার পুলিশ-প্রশাসনকে। হুমায়ুন কবীরের সঙ্গে পাঙ্গা নিতে যাবেন না। যেদিন আপনার কলার ধরে নেব সেদিন আপনার কলার ছাড়িয়ে নিয়ে যাওয়ার লোক থাকবে না।’
