কিশনগঞ্জ: বিহারের কিশনগঞ্জ জেলার নেপাল সীমান্ত সংলগ্ন কাদোগাঁও এলাকায় এক ব্যাংক সিএসপি (CSP Operator Mysterious Loss of life) সঞ্চালকের রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল। বুধবার দুপুরে এই ঘটনা ঘটে। মৃত যুবকের নাম তৌহিদ আলম (২৯), বাড়ি কিশনগঞ্জের মীর ভিট্টা গ্রামে। পোয়াখালি সুপার মার্কেটে তাঁর একটি সিএসপি কেন্দ্র রয়েছে। এই আকস্মিক মৃত্যুর ঘটনায় পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
পরিবার সূত্রে জানা গিয়েছে, পোয়াখালিতে সিএসপি চালানোর পাশাপাশি বুধবার সকাল সাড়ে সাতটা নাগাদ তৌহিদ বাইকে করে কাদোগাঁও গ্রামের একটি সরকারি ব্যাঙ্কে টাকা তোলার জন্য রওয়ানা হন। ব্যাঙ্ক থেকে তিনি নগদ টাকাও তোলেন, তবে ঠিক কত টাকা তিনি তুলেছিলেন তা এখনও স্পষ্ট নয়।
পরিবারের অভিযোগ, ব্যাঙ্ক থেকে টাকা তুলে ফেরার পথে একটি চায়ের দোকানে কয়েকজন দুর্বৃত্ত তাঁকে কৌশলে চা খাওয়ার আমন্ত্রণ জানায়। সেই চায়ের সঙ্গে নেশাজাতীয় কোনো ওষুধ বা বিষাক্ত কিছু মিশিয়ে দেওয়া হয়েছিল বলে তাঁদের জোরালো অনুমান। চা খাওয়ার পর বাড়ি ফেরার পথে মাঝরাস্তায় একটি চা বাগানের পাশে তিনি বাইক থেকে পড়ে যান এবং সম্পূর্ণ অচেতন হয়ে পড়েন। স্থানীয় বাসিন্দারা বিষয়টি দেখতে পেয়ে তৌহিদের বাড়িতে ফোন করে খবর দেন।
খবর পেয়ে পরিবারের লোকজন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাঁকে অচেতন অবস্থায় উদ্ধার করে পোয়াখালি হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাঁকে কিশনগঞ্জ সদর হাসপাতালে রেফার করেন। কিন্তু সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
ঘটনার খবর পেয়েই তদন্ত শুরু করেছে পুলিশ। মহকুমা পুলিশ আধিকারিক (SDPO-2) মনোজ কুমার সিং জানিয়েছেন, মৃতদেহে বাহ্যিকভাবে আঘাতের কোনো স্পষ্ট চিহ্ন পাওয়া যায়নি। মৃত্যুর প্রকৃত কারণ জানতে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই মৃত্যুর আসল রহস্য স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ।

