দিনহাটা: স্বামীর সঙ্গে বিবাদের জের। মায়ের হাতে তিন বছরের মেয়েকে খুনের অভিযোগ উঠল। বৃহস্পতিবার ঘটনাটি ঘটে কোচবিহারের (Cooch Behar) দিনহাটা-২ (Dinhata) এর সাহেবগঞ্জ থানার চৌধুরীহাট এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে মোমিনাবিবির সঙ্গে তাঁর স্বামীর তীব্র বিবাদ হয়। এরপর স্বামী কাজে চলে গেলে ওই মহিলা প্রথমে তাঁর ছোট ছেলেকে মারতে উদ্যত হন। কিন্তু তাতে সমর্থ না হলে তিন বছরের মেয়েকে শ্বাসরোধ করে খুন করেন বলে অভিযোগ। এরপর নিজেও গলায় দড়ি দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। মহিলার ছেলে বাইরে বেরিয়ে প্রতিবেশীকে সমস্ত ঘটনা জানায়।
প্রতিবেশীরা দ্রুত ঘরে গিয়ে দেখেন, মোমিনাবিবি গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করছেন। সঙ্গে সঙ্গে পরিবারের অন্য সদস্যরা তাঁকে উদ্ধার করেন। এরপর ঘরের এক কোণে কাপড়ে ঢাকা অবস্থায় উদ্ধার হয় মোমিনার তিন বছরের মেয়ের দেহ। মেয়েকে শ্বাসরোধ করে খুনের কথা স্বাকীর করেছেন তিনি। খবর পেয়ে সাহেবগঞ্জ থানার পুলিশ (Sahebganj Police) ঘটনাস্থলে পৌঁছায়। মোমিনাবিবিকে আটক করা হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয়েছে।
