উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ হাওড়া স্টেশনে (Howrah Station) মিথিলা এক্সপ্রেসে অগ্নিকাণ্ডের ঘটনার (Hearth Incident) তদন্তে নেমে বড়সড় তথ্য পেল রেল পুলিশ। প্রায় ২ মিনিটের একটি সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে, যেখানে দেখা যাচ্ছে এক ব্যক্তি স্টেশনের প্ল্যাটফর্মে ইচ্ছাকৃতভাবে একটি বস্তুতে আগুন ধরিয়ে ছুড়ে ফেলে দিচ্ছে। ব্যস্ততম সময়ে এই ঘটনায় স্টেশনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে উপস্থিত পুলিশ কর্মী ও সাধারণ মানুষ দ্রুত আগুন নেভানোর কাজ শুরু করেন।
গত দুদিন আগে হাওড়া স্টেশনের ৮ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা মিথিলা এক্সপ্রেসে (Mithila Categorical) আগুন লাগে। ট্রেনের এলএস সেকেন্ড ক্লাস (আনরিজার্ভড) কামরার বাথরুমের কাছাকাছি ধোঁয়া বের হতে দেখেন যাত্রীরা। তাৎক্ষণিক তৎপরতায় অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনা হয়, ফলে বড় কোনো ক্ষয়ক্ষতি বা প্রাণহানি ঘটেনি।
সিসিটিভি ফুটেজটি খতিয়ে দেখার পর রেল কর্তৃপক্ষের ধারণা, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং স্টেশনের স্বাভাবিক পরিষেবা ব্যাহত করার একটি পরিকল্পিত নাশকতা। অভিযুক্ত ব্যক্তিকে শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে। ঘটনার পর থেকে হাওড়া স্টেশনের নিরাপত্তা ব্যবস্থা কয়েক গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে যাতে ভবিষ্যতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।
পুলিশ ও রেলের নিরাপত্তা বাহিনী এখন ওই সন্দেহভাজন ব্যক্তির খোঁজ চালাচ্ছে এবং ফুটেজ বিশ্লেষণ করে নাশকতার পেছনে অন্য কোনো বড় চক্র সক্রিয় আছে কি না, তা খতিয়ে দেখছে।
