কোচবিহার: মঙ্গলবার সকালে কোচবিহার (Cooch Behar)-২ নম্বর ব্লকের মরিচবাড়ি খোলটা অঞ্চলের ডুডুমারি গ্রামে দুটি বাইসনের হঠাৎ উপস্থিতি ঘিরে তীব্র চাঞ্চল্য ও আতঙ্ক ছড়াল স্থানীয় বাসিন্দাদের মধ্যে। জনবহুল এলাকায় বন্যপ্রাণী ঢুকে পড়ার খবরে হুড়োহুড়ি পড়ে যায় গোটা এলাকায়।
খবর পাওয়া মাত্রই দ্রুত ঘটনাস্থলে এসে পৌঁছান বনদপ্তরের কর্মীরা। বর্তমানে বাইসন (Bison) দুটিকে চিহ্নিত করে নিরাপদে উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন তাঁরা। তবে শেষ পাওয়া খবর অনুযায়ী, তখনও পর্যন্ত বাইসন দুটিকে উদ্ধার করা সম্ভব হয়নি। বনদপ্তর সূত্রে জানা গেছে, চিহ্নিতকরণের কাজ সম্পূর্ণ হলেই তাদের নিরাপদ দূরত্বে ও জঙ্গলে (Forest) ফিরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হবে।
সাধারণ মানুষের সুরক্ষা এবং বন্যপ্রাণী দুটির নিরাপত্তার কথা মাথায় রেখে প্রশাসনের পক্ষ থেকে এলাকায় মাইকিং করে লাগাতার সতর্কবার্তা প্রচার করা হচ্ছে। বাইসন দুটির কাছাকাছি ভিড় না জমানো এবং তাদের কোনোভাবেই উত্ত্যক্ত না করার জন্য গ্রামবাসীদের বিশেষ আর্জি জানানো হয়েছে।
কোচবিহার ডিভিশন বন বিভাগের এডিএফও বিজন নাথ জানান, বনদপ্তরের কর্মীরা ঘটনাস্থলেই শিবির করে রয়েছেন এবং বাইসন দুটিকে উদ্ধারের প্রক্রিয়া চলছে। তবে স্বস্তির বিষয় হল, এখনও পর্যন্ত বাইসন দুটি কারোর কোনো ক্ষয়ক্ষতি করেনি এবং এই ঘটনায় কেউ আহতও হননি।

