কোচবিহার: জলপাইগুড়ির পর এবার কোচবিহারেও (Cooch Behar) স্কুলে শিক্ষককে ঘিরে ছাত্রছাত্রীদের বিক্ষোভকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে মাথাভাঙা (Mathabhanga) মহকুমার নয়ারহাট গ্রাম পঞ্চায়েতের পানিগ্রাম হাই স্কুলে। অভিযুক্ত শিক্ষকের নাম মুর্তাজা আল আমিন। তিনি ওই স্কুলের বাংলা বিভাগের শিক্ষক।
জানা গিয়েছে, বৃহস্পতিবার ওই শিক্ষক স্কুলে আসতেই একদল ছাত্রছাত্রী তাঁর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে বিক্ষোভ দেখাতে শুরু করে। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, বিক্ষোভের এক পর্যায়ে শিক্ষকের গাড়িতেও ভাঙচুর চালানো হয়। খবর পেয়ে নয়ারহাট ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ওই শিক্ষককে সেখান থেকে উদ্ধার করে নিয়ে যায়।
বিক্ষোভকারী ছাত্রছাত্রীদের অভিযোগ, ওই শিক্ষক বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকায় স্কুলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। তাঁদের দাবি, ওই শিক্ষকের কারণে বাইরে নিজেদের স্কুলের নাম বলতেও অস্বস্তিতে পড়তে হয়। তাই তাঁরা স্কুলে ওই শিক্ষককে আর চান না। এমনকি এক শিক্ষিকার সঙ্গে ওই শিক্ষকের সম্পর্ক রয়েছে বলেও অভিযোগ তুলেছে ছাত্রছাত্রীরা।
যদিও ছাত্রছাত্রীদের তোলা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন শিক্ষক মুর্তাজা আল আমিন। তাঁর দাবি, কেন তাঁর বিরুদ্ধে এই ধরনের বিক্ষোভ হচ্ছে, তা তিনি জানেন। তাঁর বিরুদ্ধে কিছু গুজব ছড়ানো হয়েছে এবং সেই কারণেই ছাত্রছাত্রীরা বিক্ষোভ দেখিয়েছে বলে দাবি করেন তিনি।
এদিকে, ঘটনার বিষয়ে স্কুলের প্রধান শিক্ষকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া সম্ভব হয়নি। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

