Colombo | কলম্বোয় মর্মান্তিক পরিণতি: ক্রিকেট ম্যাচ চলাকালীন বচসার জেরে মৃত্যু শ্রীলঙ্কার কোচের!

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ খেলার মাঠে পানীয় জল সংক্রান্ত বচসাকে কেন্দ্র করে ঘটল মর্মান্তিক কাণ্ড। শ্রীলঙ্কার জাতীয় দলের ক্রিকেটার কুশল মেন্ডিসের স্কুলজীবনের কোচ সুমিত ফার্নান্দো (৬২) এক ম্যাচ চলাকালীন খেলোয়াড়দের সঙ্গে সংঘর্ষ ও মারধরের জেরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বলে জানা গিয়েছে। এই ঘটনায় জড়িত সন্দেহে এক ১৭ বছর বয়সি স্কুল ক্রিকেটারকে গ্রেপ্তার করেছে কলম্বো (Colombo) পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ৮ অগাস্ট কলম্বোর একটি মাঠে ক্রিকেট ম্যাচ চলাকালীন পানীয় জল পাওয়া নিয়ে খেলোয়াড়দের মধ্যে একটি বিবাদ শুরু হয়। সেই সময় অভিযুক্ত সহ একদল খেলোয়াড় জলের ট্যাপে গিয়ে দেখেন সেখানে জল নেই। এর জেরে মাঠের এক কর্মীর সঙ্গে খেলোয়াড়দের তর্কাতর্কি ও হাতাহাতি বেধে যায়। পরিস্থিতি সামাল দিতে এগিয়ে যান প্রবীণ কোচ সুমিত ফার্নান্দো (Sumith Fernando)। অভিযোগ, সেই বচসা ও সংঘর্ষের মধ্যেই ওই কোচের ওপর চড়াও হন খেলোয়াড়েরা।

গুরুতর আহত অবস্থায় সুমিতকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় গত মঙ্গলবার তাঁর মৃত্যু হয়। পুলিশ গত সোমবার ১৭ বছর বয়সি এক তরুণ ক্রিকেটারকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করে এবং মঙ্গলবার আদালতে পেশ করলে বিচারক তাকে আগামী ১৭ অগাস্ট পর্যন্ত চাইল্ড প্রবেশন হেপাজতে পাঠানোর নির্দেশ দেন।

মৃত সুমিত ফার্নান্দো কলম্বোর উপকণ্ঠ মোরতুওয়ার প্রিন্স অফ ওয়েলস কলেজের প্রাক্তন কোচ ছিলেন। তাঁর কোচিংয়েই পড়াশোনার দিনগুলিতে প্রশিক্ষণ নিয়েছিলেন কুশল মেন্ডিস (Kusal Mendis) সহ বেশ কয়েকজন প্রবীণ ও প্রতিভাবান ক্রিকেটার। পরবর্তীতে তিনি শ্রীলঙ্কার প্রথম শ্রেণির ক্রিকেট ক্লাব ব্লুমফিল্ড ক্রিকেট অ্যান্ড অ্যাথলেটিক ক্লাবের কিউরেটর হিসেবেও দায়িত্ব পালন করেন। গত বৃহস্পতিবার তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছে। এই মর্মান্তিক ঘটনায় শ্রীলঙ্কার ক্রিকেট মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *