উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ সোমবার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল পশ্চিম কলম্বিয়া (Colombia)। রিখটার স্কেলে এই ভূমিকম্পের তীব্রতা ছিল ৭.৪। শক্তিশালী এই ভূকম্পনের জেরে অন্তত ২০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ধসে পড়েছে বহু ঘরবাড়ি ও ছোট ভবন। ধ্বংসস্তূপের নিচে অনেক বাসিন্দা আটকে পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। আকস্মিক এই বিপর্যয়ে আহত হয়েছেন বহু মানুষ এবং আতঙ্কিত বাসিন্দারা ঘরবাড়ি ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (USGS) জানিয়েছে, এই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল বোগোটা থেকে প্রায় ৪০০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত সান জোসে দেল পালমার (San Jose Del Palmar) নামক একটি জনপদ, যার জনসংখ্যা প্রায় ৪,৮০০। ভূপৃষ্ঠ থেকে ১০৭ কিলোমিটার গভীরে এই ভূকম্পনের উৎসস্থল ছিল। কলম্বিয়ার পাশাপাশি এর জেরে কেঁপে ওঠে প্রতিবেশী দেশ ইকুয়েডরও।
স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত ভিডিও ফুটেজে পেরেইরা, ক্যালি এবং কুইবডো শহরের বিভিন্ন প্রান্তে বাড়ি ও ছোট ভবন হুড়মুড় করে ভেঙে পড়তে দেখা গেছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পেরেইরা শহরটি। ওই শহরের মেয়র মরিসিও সালাজার জানিয়েছেন যে, একা পেরেইরাতেই ১৮ জনের মৃত্যু হয়েছে এবং সেখানকার বর্তমান পরিস্থিতি অত্যন্ত “সংকটজনক”।
দুর্যোগের খবর পাওয়ার পরেই উদ্ধারকাজ শুরু হয়েছে। তবে বহু এলাকা ক্ষতিগ্রস্ত হওয়ায় এবং ধ্বংসস্তূপে লোক আটকে থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রশাসন ও উদ্ধারকারী দল যুদ্ধকালীন তৎপরতায় আটকে থাকা মানুষদের উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

