Coal Smuggling Case | কয়লা ও বালি সিন্ডিকেটে যোগ! মাসের পর মাস সমন এড়িয়ে শেষ রক্ষা হলো না, ইডির হাতে গ্রেফতার পুলিশ অফিসার মনোরঞ্জন মণ্ডল

Coal Smuggling Case | কয়লা ও বালি সিন্ডিকেটে যোগ! মাসের পর মাস সমন এড়িয়ে শেষ রক্ষা হলো না, ইডির হাতে গ্রেফতার পুলিশ অফিসার মনোরঞ্জন মণ্ডল

ভিডিও/VIDEO
Spread the love


আসানসোল: কয়লা পাচার মামলায় (Coal Smuggling Case) শেষ রক্ষা হলো না। দীর্ঘ টানাপোড়েনের পর অবশেষে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর হাতে গ্রেফতার হলেন আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট (এডিপিসি)-এর স্পেশাল ব্রাঞ্চে (এসবি) কর্মরত পুলিশ অফিসার মনোরঞ্জন মণ্ডল। বৃহস্পতিবার রাতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার একটি দল তাঁকে গ্রেফতার করে বলে ইডি সূত্রে জানা গেছে।

কেন্দ্রীয় এজেন্সি বা ইডির গোয়েন্দারা দীর্ঘদিন ধরেই এই পুলিশ অফিসারের ওপর নজর রাখছিলেন। অবৈধ কয়লা পাচারের পাশাপাশি বালি সিন্ডিকেটের সঙ্গেও মনোরঞ্জন মণ্ডলের সরাসরি যোগসাজশ ছিল বলে অভিযোগ। এই মামলার তদন্তে নেমে এর আগে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা মনোরঞ্জন বাবুর বাড়িসহ একাধিক ডেরায় ম্যারাথন তল্লাশি চালিয়েছিলেন। তদন্তকারীদের দাবি, সেই তল্লাশিতে বিপুল পরিমাণ সন্দেহজনক আর্থিক লেনদেন এবং একটি বড়সড় সিন্ডিকেট নেটওয়ার্কের সুনির্দিষ্ট হদিস মিলেছে।

ইডি সূত্রে খবর, কয়লা পাচার মামলার জিজ্ঞাসাবাদের জন্য গত কয়েক মাসে মনোরঞ্জন মণ্ডলকে বারবার সমন পাঠিয়ে তলব করা হয়েছিল। কিন্তু তিনি কোনো না কোনো অজুহাতে হাজিরা এড়িয়ে যাচ্ছিলেন। শেষ পর্যন্ত তদন্তে সহযোগিতা না করায় এবং উপযুক্ত তথ্যপ্রমাণ হাতে আসায় বৃহস্পতিবার রাতে তাঁকে গ্রেফতার করার সিদ্ধান্ত নেন কেন্দ্রীয় আধিকারিকরা।

আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কাজ করা মনোরঞ্জন মণ্ডলের কর্মজীবন বরাবরই বেশ বিতর্কিত। এর আগে বারাবনি থানার ওসি থাকাকালীন স্থানীয় তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি অসিত সিংয়ের জন্মদিন পালন করে তীব্র বিতর্কে জড়িয়েছিলেন তিনি। খোদ পুলিশ অফিসারের এই অতি-সক্রিয়তার বিষয়টি নজরে আসায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তাঁকে তৎক্ষণাৎ সাসপেন্ডও করা হয়েছিল।

পরবর্তীতে সাসপেনশন কাটিয়ে তিনি বুদবুদ থানার ওসির দায়িত্ব পান। কিন্তু সেই দায়িত্ব সামলানোর সময়ই দুর্গাপুরে তাঁর নিজস্ব আবাসে হানা দেয় ইডি। এরপরই আইনি জটিলতা এড়াতে তড়িঘড়ি তাঁকে ওসির পদ থেকে সরিয়ে স্পেশাল ব্রাঞ্চে (এসবি) বদলি করে দেওয়া হয়েছিল।

মনোরঞ্জন মণ্ডলের গ্রেফতারির পর কয়লা ও বালি পাচার চক্রের জাল কতটা গভীরে, তা জানতে মরিয়া তদন্তকারীরা। এই সিন্ডিকেটের সঙ্গে পুলিশ প্রশাসন এবং রাজনৈতিক মহলের আর কোন কোন প্রভাবশালী ব্যক্তি জড়িত রয়েছেন, তা খতিয়ে দেখতে ধৃত অফিসারকে নিজেদের হেফাজতে নিয়ে জোরদার জেরা করার প্রস্তুতি নিচ্ছে ইডি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *