Durga Puja 2025 | সেওয়াইয়ে পুজো পান রামায়ণের চরিত্ররা 

Durga Puja 2025 | সেওয়াইয়ে পুজো পান রামায়ণের চরিত্ররা 

ভিডিও/VIDEO
Spread the love


বিশ্বজিৎ প্রামাণিক, পতিরাম: দুর্গাপুজো (Durga Puja 2025) মানে মণ্ডপে মণ্ডপে দেবী দুর্গা ছেলেমেয়েদের নিয়ে সপরিবারে বসে থাকবেন। মর্ত্যবাসীদের সঙ্গে কয়েকটাদিন কাটিয়ে, তাদের সকল দুঃখ, দুর্দশার নিরাময় করে ফের শ্বশুরবাড়ি ফিরে যাবেন। কিন্তু প্রায় অর্ধশতকেরও বেশি সময় ধরে, দক্ষিণ দিনাজপুরের (Dakshin Dinajpur) বালুরঘাট (Balurghat) ব্লকের সেওয়াই গ্রামে দেবী দুর্গা ছেলেমেয়েদের নিয়ে আসেন না। সেখানকার সেওয়াই সর্বজনীন মিলন মন্দির পুজো কমিটির আয়োজিত পুজোয় লক্ষ্মী-সরস্বতী-কার্তিক-গণেশের পরিবর্তে পূজিত হন রাম, লক্ষ্মণ, হনুমান ও স্বয়ং রাবণ রাজের ভাই বিভীষণ।

স্থানীয়রা জানান, মূলত রামচন্দ্রের আদি শক্তিপুজোর আদলে তাঁরা এই পুজোর আয়োজন করেন। তাঁদের বিশ্বাস, রাবণের বিরুদ্ধে যুদ্ধের আগে রামচন্দ্র শক্তিপুজো করে মা দুর্গাকে আহ্বান জানিয়েছিলেন। সেই পুরাণ কথিত অকালবোধনের কাহিনীকে কেন্দ্র করেই সেওয়াই গ্রামে দুর্গাপুজো হয়ে আসছে। ফলে দুর্গাপুজো এখানে আজ শুধু ধর্মীয় আচারসর্বস্ব নয়, লোকপুরাণ ও বিশ্বাসের সঙ্গেও অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে।

এবছর ৫৫তম বছরে পা দিল সেওয়াই সর্বজনীন। প্রতিবছরই গোটা গ্রাম এই পুজোকে কেন্দ্র করে উৎসবে মিলেমিশে যান। মণ্ডপ সাজানো, প্রতিমা তৈরি থেকে শুরু করে পুজোর সমস্ত আয়োজন এমনকি সাংস্কৃতিক অনুষ্ঠানের পরিকল্পনা, পরিচালনা-সবকিছুতেই গ্রামের প্রতিটি মানুষ যুক্ত থাকেন। আর তাই সেওয়াইয়ের পুজো মানেই মিলনোৎসব। এছাড়া পুজো উপলক্ষ্যে গ্রামে দোকানপাট বসে। চলে দেদার কেনাকাটা। আর সন্ধ্যা হলেই ঝলমলে আলো আর নাচ, গান আবৃত্তি সহযোগে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান মুখরিত হয়ে ওঠে গ্রাম। আট থেকে আশি সকলেই উৎসবে শামিল হন।

সেওয়াইয়ের পুজো, তাই বিগ বাজেট ও চাকচিক্যের ভিড়ে তাঁদের এক অনন্য পরিচয় তৈরি করেছে। যেখানে রামচন্দ্র ও তাঁর সহযোদ্ধা, যারা রাবণবধের পূর্বে দেবী দুর্গার আরাধনা করেছিলেন, তাঁরাই দেবীর সঙ্গে মণ্ডপে শ্রদ্ধার সঙ্গে পূজিত হন। পুজো কমিটির সম্পাদক রণজিৎ চৌধুরী বলেন, ‘গত ৫৫ বছর ধরে আমরা রামচন্দ্রের শক্তিপুজোর অনুকরণে দুর্গাপুজো করছি। আমাদের পুজো শুধু পুজো নয়, গ্রামের মিলনোৎসব।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *