US Gun Violence | আমেরিকায় ফের বন্দুকবাজের বলি ভারতীয় তরুণ, পিৎজা ডেলিভারির টোপ দিয়ে ফিলাডেলফিয়ায় খুন তেলঙ্গানার অংশুল

US Gun Violence | আমেরিকায় ফের বন্দুকবাজের বলি ভারতীয় তরুণ, পিৎজা ডেলিভারির টোপ দিয়ে ফিলাডেলফিয়ায় খুন তেলঙ্গানার অংশুল

ব্লগ/BLOG
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: আমেরিকার ফিলাডেলফিয়ায় বন্দুকবাজের নৃশংস হামলায় (US Gun Violence) প্রাণ হারালেন এক ভারতীয় তরুণ। মৃতের নাম অংশুল কুঞ্চা (Anshul Kuncha) (২৮)। তিনি তেলঙ্গানার হায়দরাবাদের (Hyderabad) বাসিন্দা ছিলেন। ফিলাডেলফিয়ার একটি বহুজাতিক সংস্থায় কর্মরত অংশুল অতিরিক্ত উপার্জনের জন্য একটি অনলাইন খাদ্যসরবরাহকারী সংস্থায় পার্ট-টাইম কর্মী হিসেবে কাজ করতেন। শুক্রবার গভীর রাতে উত্তর ফিলাডেলফিয়ার এডগলি স্ট্রিটের একটি নির্জন আবাসনে পিৎজা সরবরাহ (Pizza Supply) করতে গিয়ে তিনি এই নির্মম হত্যাকাণ্ডের শিকার হন।

স্থানীয় প্রশাসন ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার গভীর রাতে একটি পিৎজার অর্ডার পেয়ে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছেছিলেন অংশুল। কিন্তু যে ফ্ল্যাটে তিনি পিৎজা পৌঁছে দিতে গিয়েছিলেন, সেটি আসলে সম্পূর্ণ খালি ছিল। খাবার ডেলিভারি দেওয়ার কিছুক্ষণের মধ্যেই কাছ থেকে তাঁকে লক্ষ্য করে পর পর গুলি চালানো হয়। অংশুলের মাথা লক্ষ্য করে গুলি চালানো হয়েছিল বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। ঘটনাস্থল থেকে তিনটি ব্যবহৃত গুলির খোল উদ্ধার করা হয়েছে। গুলির আওয়াজ শুনে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অংশুলকে রক্তাক্ত ও অচেতন অবস্থায় উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। তবে চিকিৎসকদের সমস্ত চেষ্টা ব্যর্থ করে রাত প্রায় ১টা নাগাদ তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। পরে ঘটনাস্থলের অদূরেই অংশুলের গাড়িটি উদ্ধার করে পুলিশ। গাড়ির ভিতর একটি ব্যাগ এবং তিনটি পিৎজার বাক্স পাওয়া গিয়েছে, যা দেখে তাঁর ডেলিভারি সংস্থার পরিচয় নিশ্চিত করে পুলিশ।

আবাসনের নজরদারি ক্যামেরা (CCTV) পরীক্ষা করে পুলিশ জানতে পেরেছে, অংশুল যখন আবাসনে প্রবেশ করছিলেন, তখন গাঢ় রঙের পোশাক পরিহিত এবং পিঠে ব্যাকপ্যাক নেওয়া দু’জন সন্দেহভাজন ব্যক্তি তাঁকে অনুসরণ করছিল। তবে এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। দুষ্কৃতীদের খোঁজে জোর কদমে তল্লাশি শুরু করেছে স্থানীয় পুলিশ।

এদিকে এই ঘটনাকে নিছক ডাকাতি বা ছিনতাই মানতে নারাজ নিহতের পরিবার। অংশুলের বোন তানভি জানান, তাঁর দাদা গত চার বছর ধরে আমেরিকায় রয়েছেন। অত্যন্ত হাসিখুশি স্বভাবের অংশুলের সঙ্গে কারও কোনও শত্রুতা ছিল না। পরিবারের দাবি, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। এর আগেও একবার অংশুল মার্কিন মুলুকে ডাকাতির শিকার হয়েছিলেন এবং সেবার তাঁর ঘড়ি, সোনার চেইন ও টাকাপয়সা লুট করা হয়েছিল। কিন্তু এবার তাঁর কাছ থেকে কোনও জিনিসপত্র বা মূল্যবান সামগ্রী খোয়া যায়নি। ফলে ফাঁকা আবাসনে পিৎজার অর্ডারটিকে মূলত একটি ‘টোপ’ বা ফাঁদ হিসেবে ব্যবহার করে অংশুলকে ডেকে নিয়ে গিয়ে খুন করা হয়েছে বলেই নিশ্চিত পরিবার।

এই মর্মান্তিক ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছে নিউইয়র্কে অবস্থিত ভারতীয় কনস্যুলেট (Indian Consulate NY)। কনস্যুলেটের তরফে জানানো হয়েছে, তারা প্রতিনিয়ত মৃতের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছে এবং সমস্ত ধরনের আইনি ও প্রশাসনিক সহায়তা প্রদান করছে। অংশুলের নিথর দেহ যাতে দ্রুত দেশে ফিরিয়ে আনা যায়, তার জন্য সরকারের কাছে আকুল আর্জি জানিয়েছে তাঁর পরিবার। স্থানীয় প্রশাসন সূত্রে খবর, সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করে আগামী সোমবারের মধ্যে অংশুলের মরদেহ হায়দরাবাদে তাঁর বাড়িতে এসে পৌঁছাতে পারে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *