উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ রাজ্যের জনবহুল দুটি জনপ্রিয় সরকারি প্রকল্পের নাম পরিবর্তনের বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। বুধবার নবান্নে এক সাংবাদিক বৈঠক শেষে মুখ্যমন্ত্রী জানান, ২০১৩ সালে চালু হওয়া জনপ্রিয় ‘কন্যাশ্রী’ প্রকল্পের নাম বদলে এবার থেকে রাখা হচ্ছে ‘কন্যারত্ন’। পাশাপাশি, স্কুলছাত্রছাত্রীদের সাইকেল বিতরণের বহুল প্রচলিত ‘সবুজ সাথী’ প্রকল্পের নাম পরিবর্তন করে রাখা হচ্ছে ‘সারথী’। প্রকল্পগুলির নাম বদলালেও ছাত্রছাত্রীদের জন্য সরকারের এই আর্থিক ও অন্যান্য সুযোগ-সুবিধা আগের মতোই সম্পূর্ণভাবে চালু থাকবে বলে স্পষ্ট আশ্বাস দিয়েছেন তিনি।
কন্যাশ্রী থেকে ‘কন্যারত্ন’:
২০১৩ সালে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে মূলত ছাত্রীদের স্কুলছুট রোধ ও আর্থিক সাহায্য প্রদান করতে ‘কন্যাশ্রী’ প্রকল্প চালু করা হয়েছিল। এই প্রকল্পের মাধ্যমে ১৩ থেকে ১৮ বছর বয়সি ছাত্রীরা প্রতি বছর ১ হাজার টাকা এবং বয়স ১৮ পূর্ণ হলে অবিবাহিত থাকাকালীন এককালীন ২৫ হাজার টাকা আর্থিক সাহায্য পেয়ে থাকে। এছাড়া স্নাতকোত্তর স্তরেও এর সুবিধা দেওয়া হয়। আন্তর্জাতিক স্তরেও একাধিক পুরস্কার অর্জন করেছিল এই প্রকল্প।
এদিন মুখ্যমন্ত্রী জানান, আগামী ১৪ অগাস্ট যে কন্যাশ্রী দিবস পালন করা হতো, সেই নিয়ম ও দিনটি বজায় থাকবে। তবে তার নতুন নাম হবে ‘কন্যারত্ন’ দিবস।
সবুজ সাথী থেকে ‘সারথী’:
অন্যদিকে, পড়ুয়াদের যাতায়াতের সুবিধার জন্য সাইকেল বিতরণের যে ‘সবুজ সাথী’ প্রকল্প রাজ্যে অত্যন্ত জনপ্রিয়তা লাভ করেছিল, তারও নাম বদলে দেওয়া হলো। এখন থেকে এই প্রকল্পের নতুন নাম হবে ‘সারথী’।
সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী সুষ্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, নাম বদল হলেও ছাত্রছাত্রীদের কল্যাণে নেওয়া এই প্রকল্পগুলির রূপায়ণে কোনও খামতি রাখা হবে না। তিনি বলেন, “ছাত্রছাত্রীদের জন্য যা যা করার, তার সবই করা হবে।” রাজ্য সরকারের এই নতুন নামকরণের ঘোষণা ঘিরে রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া শুরু হয়েছে।

