চালসা: প্রায় সাড়ে তিন বছর অপেক্ষার পর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হল নবনির্মিত মূর্তি সেতুর। কোচবিহারের কর্মসূচি সেরে মঙ্গলবার হেলিকপ্টারে চালসা (Chalsa) সংলগ্ন টিয়াবন হেলিপ্যাডে এসে পৌঁছান রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। সেখান থেকে সড়কপথে সোজা মূর্তি সেতুতে (Murti bridge) উপস্থিত হন তিনি। উদ্বোধনী অনুষ্ঠানে পৌঁছানোর পর মাদলের ছন্দে আদিবাসী লোকনৃত্যের মাধ্যমে মুখ্যমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা ও বরণ করা হয়। ফিতে কেটে সেতুর আনুষ্ঠানিক সূচনার পর মুখ্যমন্ত্রী অন্যান্য বিশিষ্ট অতিথিদের সঙ্গে নিয়ে নবনির্মিত সেতুর ওপর বেশ কিছুক্ষণ পদচারণা করেন।
এদিনের এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের সাংসদ মনোজ টিগ্গা, বিধায়ক পুনা ভেংরা, শুক্রা মুন্ডা সহ আরও অনেকে। সেতু উদ্বোধনের পর মুখ্যমন্ত্রী জানান, রাজ্য পূর্ত এবং সড়ক দপ্তরের প্রত্যক্ষ উদ্যোগে প্রায় ১৯ কোটি ৭৮ লক্ষ টাকা খরচ করে এই আধুনিক সেতুটি নির্মাণ করা হয়েছে। শুধু এই সেতুটিই নয়, ডুয়ার্সবাসীর যাতায়াত আরও সুগম করতে এদিনের অনুষ্ঠান মঞ্চ থেকেই নাগরাকাটা ব্লকের কালিখোলা এলাকার আরেকটি নতুন সড়ক সেতু নির্মাণের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রীর এই ডুয়ার্স সফর ও সেতু উদ্বোধনকে কেন্দ্র করে সকাল থেকেই চালসা ও মূর্তি নদী সংলগ্ন এলাকায় ত্রিস্তরীয় কড়া পুলিশি নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছিল। প্রশাসনের কড়া নজরদারির মধ্যেই বহু মানুষের ঢল নামে সেতু চত্বরে। নতুন এই পরিকাঠামো গড়ে ওঠায় শুধু যোগাযোগ ব্যবস্থারই উন্নতি ঘটল না, বরং ডুয়ার্সের পর্যটন ও অর্থনৈতিক গতিশীলতাও যে বহুগুণ বৃদ্ধি পাবে, তা বলাই বাহুল্য।
The put up CM Suvendu Adhikari | দীর্ঘ প্রতীক্ষার অবসান, প্রায় ২০ কোটি ব্যয়ে নবনির্মিত মূর্তি সেতুর উদ্বোধন মুখ্যমন্ত্রীর appeared first on Uttarbanga Sambad.
