CM Suvendu Adhikari | ‘আর ফিরতে পারবেন না’, বিধানসভায় মমতাকে নিশানা করে কী বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী?

CM Suvendu Adhikari | ‘আর ফিরতে পারবেন না’, বিধানসভায় মমতাকে নিশানা করে কী বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী?

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: বিধানসভায় (West Bengal Meeting) দাঁড়িয়ে ফের একবার তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। মঙ্গলবার বিধানসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি রীতিমতো হুঁশিয়ারি দিয়ে বলেন, তৃণমূলের জন্য এখন আর ক্ষমতার রাস্তা খোলা নেই। তাঁর স্পষ্ট বার্তা, “ফিরতে পারবেন না, ওটা ক্লোজড চ্যাপ্টার।”

এদিন বিরোধী শিবিরের প্রাক্তন সতীর্থদের উদ্দেশ্যে শুভেন্দু বলেন, “আমি ২০১১ সালে আপনাদের আনতে রাস্তায় নেমেছিলাম। আবার ২০২৬ সালে আপনাদের সরাতেও রাস্তায় ছিলাম। যারা কমিউনিস্টদের সরানোর লড়াই করেছিল, তারা আজ দলের রাশ কাদের হাতে তুলে দিয়েছে? লাল চুল, কানে দুল—তারাই এখন যুব তৃণমূল!” দলের বর্তমান নেতৃত্ব ও সংস্কৃতির ওপর কড়া কটাক্ষ ছুড়ে দেন মুখ্যমন্ত্রী।

তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নাম না করে শুভেন্দু বলেন, “আপনার নেত্রী রাণী রাসমণিতে বসতে চেয়েছিলেন। পুলিশ আমায় জিজ্ঞেস করেছিল, কী করব? আমি বলেছিলাম বসতে দিন। রোজ মিছিল করুন, কিন্তু আপনারা আর ফিরতে পারবেন না। এই চ্যাপ্টার ক্লোজড।”

নিজের রাজনৈতিক লড়াইয়ের প্রসঙ্গ টেনে শুভেন্দু বলেন, “আমার নামে ১০২টি মামলা হয়েছে। সাড়ে এগারো মাস আমাকে হাউস থেকে সাসপেন্ড করে রাখা হয়েছিল। আমাকে মোথাবাড়ি, ভবানীপুর, ধুলিয়ান, কোতুলপুর যেতে বাধা দেওয়া হয়েছে। আমাকে বারবার আদালতের দ্বারস্থ হতে হয়েছে।” তৃণমূলের বিরুদ্ধে কটাক্ষ করে তিনি আরও বলেন, “আমরা আপনাদের নেত্রীর মতো লিউকোপ্লাস্ট মুখে লাগিয়ে থাকতে বলিনি।”

নিউটনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “নিউটনের তৃতীয় গতিসূত্র অনুযায়ী, সব ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। পৃথিবী গোল, তাই মানুষ এদের সঠিক শিক্ষা দিয়ে দিয়েছে।” শুভেন্দু বলেন, “৩২৪ কোটি টাকা ফিকিকে দেওয়া হয়েছে। আপনার মুখ্যমন্ত্রী দিয়েছেন। তবে এবার সবকা সাথ, সবকা বিকাশ হবে, আর সবকা হিসাব হবে।”

পরিশেষে বিরোধীদের উদ্দেশ্যে সহযোগিতার বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “সহযোগিতা করুন, কাজ করতে দিন। আমরা এই রাজ্যকে আবারও নতুন করে দাঁড় করাতে চাই।” রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বিধানসভায় দাঁড়িয়ে শুভেন্দু অধিকারীর এই বক্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *