উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: আগামী ডিসেম্বরের শুরুতেই কলকাতা পুরসভার (KMC) নতুন বোর্ড গঠনের (New board) লক্ষ্যমাত্রা নির্ধারণ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। সোমবার কলকাতা পুরসভার এক স্বচ্ছতা অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, আগামী ৭ ডিসেম্বরের মধ্যেই নতুন নির্বাচিত বোর্ড দায়িত্ব গ্রহণ করবে।
রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর থেকেই নতুন সমীকরণ তৈরি হয়েছে। প্রাক্তন শাসকদল তৃণমূলের হাত থেকে কলকাতা পুরসভার নিয়ন্ত্রণ সরে যাওয়ার পর পরিস্থিতি দ্রুত বদলেছে। মেয়র ফিরহাদ হাকিমের ইস্তফার জেরে বর্তমানে পুর বোর্ড বাতিল হয়েছে। আপাতত প্রশাসনিক কাজ পরিচালনার জন্য পুর কমিশনার স্মিতা পাণ্ডেকে প্রশাসক হিসেবে নিযুক্ত করেছে পুর ও নগরোন্নয়ন দপ্তর। নির্বাচন না হওয়া পর্যন্ত এই প্রশাসকের মাধ্যমেই পুরসভার কাজকর্ম চলবে। মুখ্যমন্ত্রী এদিন বলেন, রাজ্যের লক্ষ্য হল দ্রুত নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত বোর্ডের হাতে পুরসভার দায়িত্ব তুলে দেওয়া। তাঁর এই ঘোষণার ফলে জল্পনার অবসান ঘটল। আগামী ছয় মাসের মধ্যেই নির্বাচন প্রক্রিয়ার (Election) সমস্ত ধাপ সম্পন্ন করে নির্দিষ্ট সময়ের মধ্যেই নতুন বোর্ড গঠনের কাজ শেষ হবে বলে জানা গিয়েছে।
উল্লেখ্য, ২০২০ সালে কলকাতা পুরসভার মেয়াদ শেষ হলেও করোনা পরিস্থিতির কারণে সেই সময় নির্বাচন করা সম্ভব হয়নি। পরবর্তীতে ২০২১ সালের ডিসেম্বরে অনুষ্ঠিত ভোটে তৃণমূল ১৪৪টি ওয়ার্ডের মধ্যে ১৩৭টিতে জয়ী হয়ে ক্ষমতায় এসেছিল। কিন্তু রাজ্যে পালাবদলের পর পুরসভার অভ্যন্তরীণ পরিস্থিতি জটিল আকার ধারণ করে। বিভিন্ন দুর্নীতি ও অনিয়মের অভিযোগে একাধিক কাউন্সিলর গ্রেপ্তার হয়েছেন। এই প্রেক্ষাপটে মেয়র ফিরহাদ হাকিম পদত্যাগ করলে পুরসভার প্রশাসনিক অচলাবস্থা তৈরি হয়।
পুর ও নগরোন্নয়ন দপ্তরের তরফে নতুন মেয়রের নাম জানতে চেয়ে নোটিশ দেওয়া হলেও, তৃণমূল পরিচালিত পুরসভা তা জানাতে ব্যর্থ হয়। এরপরই শুভেন্দু অধিকারীর সরকার কলকাতা পুরবোর্ড ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেয়। মুখ্যমন্ত্রীর আজকের ঘোষণার পর, ডিসেম্বরের শুরুতেই যে কলকাতা নতুন বোর্ড পেতে চলেছে, তা কার্যত নিশ্চিত হয়ে গেল।
