CM Mamata Banerjee | ‘আমি স্তম্ভিত ও বিরক্ত’, এসআইআর নিয়ে ফের জ্ঞানেশ কুমারকে কড়া চিঠি মমতার

CM Mamata Banerjee | ‘আমি স্তম্ভিত ও বিরক্ত’, এসআইআর নিয়ে ফের জ্ঞানেশ কুমারকে কড়া চিঠি মমতার

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: এসআইআর প্রক্রিয়া (SIR) নিয়ে সাধারণ মানুষের হয়রানির অভিযোগে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। শনিবার তিনি ফের দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে (Gyanesh Kumar) কড়া চিঠি পাঠিয়েছেন। চিঠিতে মমতা স্পষ্ট ভাষায় জানিয়েছেন, কমিশনের এই অসংবেদনশীল ও যন্ত্রনির্ভর প্রক্রিয়ায় তিনি ‘স্তম্ভিত ও বিরক্ত’।

এসআইআর নিয়ে উদ্বেগের কথা জানিয়ে এর আগেও কমিশনকে চিঠি দিয়েছিলেন মমতা। এদিনের চিঠিতে মুখ্যমন্ত্রীর দাবি, এসআইআর প্রক্রিয়ার জেরে সাধারণ মানুষ চরম আতঙ্কে রয়েছেন। তিনি অভিযোগ করেছেন, এই এসআইআর আতঙ্কে এপর্যন্ত মোট ৭৭ জনের মৃত্যু হয়েছে। মমতার নিশানায় শুধু সাধারণ মানুষের হয়রানি নয়, উঠে এসেছে অমর্ত্য সেন, জয় গোস্বামী, অভিনেতা দেব এবং ক্রিকেটার মহম্মদ শামির মতো বিশিষ্টজনদের শুনানিতে ডাকার বিষয়টিও। বিবাহিত মহিলাদের নাম বা ঠিকানা পরিবর্তনের জন্য তলব করে হেনস্থা করা হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন।

কমিশনের নিয়োগ করা পর্যবেক্ষক বা মাইক্রো-অবজার্ভারদের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, পর্যাপ্ত প্রশিক্ষণ ছাড়াই তাঁদের নিয়োগ করা হয়েছে এবং তাঁরা এক্তিয়ারের বাইরে গিয়ে কাজ করছেন। এমনকি কিছু পর্যবেক্ষক সাধারণ মানুষকে ‘দেশদ্রোহী’ বলে দাগিয়ে দিচ্ছেন বলেও তিনি গুরুতর অভিযোগ আনেন। কমিশনের পোর্টাল এবং লজিক্যাল ডিসক্রিপেন্সি লিস্টকে ‘অযৌক্তিক’ আখ্যা দিয়ে মমতা প্রশ্ন তোলেন, ‘পশ্চিমবঙ্গের জন্য আলাদা পোর্টাল কেন ব্যবহার করা হচ্ছে?’ তাঁর সরাসরি তোপ, ‘কমিশনের উদ্দেশ্য ভোটার তালিকা সংশোধন নয়, নাম বাদ দেওয়া।’

সামনে গঙ্গাসাগর মেলা থাকায় নিরাপত্তার অগ্রাধিকারের কথা মনে করিয়ে দিয়ে মমতা জানিয়েছেন, পরিযায়ী শ্রমিকদের জন্য শুনানির বিকল্প ব্যবস্থা না করে কমিশন পক্ষপাতিত্ব করছে। চিঠির শেষে হাতে লেখা নোটে মুখ্যমন্ত্রী আক্ষেপের সুরে লিখেছেন, ‘হয়তো এই চিঠির উত্তর পাব না, তবুও জানানো আমার কর্তব্য।’ এই নিয়ে এসআইআর ইস্যুতে মোট চারবার কমিশনকে চিঠি লিখলেন মমতা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *