উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ফের মা হতে চলেছেন জনপ্রিয় কৌতূকশিল্পী ভারতী সিং (Bharti Singh)। সোমবার সোশ্যাল মিডিয়ায় বেবি বাম্পের ছবি পোস্ট করে এই সুখবরটি দিয়েছেন ভারতী নিজেই।
স্বামী হর্ষ লিম্বাচিয়ার (Haarsh Limbachiyaa) সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন ভারতী। তাতে দেখা যাচ্ছে, পাহাড়ের কোলে দাঁড়িয়ে রয়েছেন তারকা দম্পতি। নিজের বেবি বাম্পে হাত রেখে দাঁড়িয়ে রয়েছে ভারতী। ক্যাপশনে ভারতী লিখেছেন, ‘আমরা আবারও মা-বাবা হতে চলেছি।’ আর এই সুখবর জানাতেই ভারতী ও হর্ষকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা। অভিনেত্রী পরিণীতি চোপড়া, পার্থ সামথান সহ ইন্ডাস্ট্রির আরও অনেকেও শুভেচ্ছা জানিয়েছেন।
উল্লেখ্য, বেশ কয়েক বছর সম্পর্কে থাকার পর ২০১৭ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন ভারতী ও হর্ষ। ২০২২ সালে কোল আলো করে আসে তাঁদের প্রথম সন্তান লক্ষ্য। যাকে আদর করে তাঁরা ডাকেন গোলা। কিছুদিন আগেই ঘনিষ্ঠ বন্ধুবান্ধব এবং পরিবারের সদস্যদের উপস্থিতিতে গোলার তৃতীয় জন্মদিন উদযাপন করেছিলেন তারকা দম্পতি। আর এবার দ্বিতীয় সন্তান আগমনের সুখবর দিলেন তাঁরা।
