উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: কর্ণাটকের ২৫তম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন কংগ্রেসের নবনির্বাচিত পরিষদীয় দলনেতা ডিকে শিবকুমার (CM DK Shivakumar)। বুধবার বিকেল ৪টেয় বেঙ্গালুরুর লোকভবনের গ্লাস হাউসে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে তাঁকে শপথবাক্য পাঠ করান রাজ্যপাল থাবরচাঁদ গহলৌত (DK Shivakumar Takes Oath as Chief Minister)। এই গুরুত্বপূর্ণ শপথগ্রহণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি (Rahul Gandhi) এবং কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খড়্গে।
এদিন শিবকুমারের সঙ্গে উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন প্রবীণ দলিত নেতা জি পরমেশ্বর। শিবকুমারের মন্ত্রিসভায় ঠাঁই পেয়েছেন ১২ জন মন্ত্রী। এই তালিকায় রয়েছেন মল্লিকার্জুন খড়্গের পুত্র প্রিয়ঙ্ক খড়্গে, প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার পুত্র যতীন্দ্র, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কেএইচ মুনিয়াপ্পা এবং প্রভাবশালী অনগ্রসর নেতা সতীশ জারকিহোলি। ৬৪ বছর বয়সী শিবকুমার টুমকুর জেলার ননভিনকর গঙ্গাধর অজ্ঝয়া ভোক্কালিগা মঠের সাধকের নামে শপথ গ্রহণ করেন।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার সিদ্দারামাইয়া মুখ্যমন্ত্রিত্ব থেকে ইস্তফা দেওয়ার পর শনিবার ভোক্কালিগা জনগোষ্ঠীর প্রভাবশালী নেতা তথা প্রদেশ কংগ্রেস সভাপতি শিবকুমার সর্বসম্মতভাবে কংগ্রেস পরিষদীয় দলের নেতা নির্বাচিত হয়েছিলেন।
মুখ্যমন্ত্রিত্ব ছাড়লেও সিদ্দারামাইয়া যে রাজনীতি থেকে দূরে সরছেন না, তা এদিন স্পষ্ট করে দিয়েছেন তিনি। প্রাক্তন মুখ্যমন্ত্রী জানিয়েছেন, জাতীয় রাজনীতির চেয়ে রাজ্য রাজনীতিতেই তাঁর মূল মনোযোগ বজায় থাকবে। কংগ্রেস সূত্রে খবর, দায়িত্ব ছাড়ার বিনিময়ে হাইকমান্ডের তরফে তাঁকে প্রদেশ কংগ্রেস সভাপতির পদ অথবা রাজ্যসভার সাংসদ হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে বিদায়ী মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন, তিনি সংসদের উচ্চকক্ষে যাচ্ছেন না।
