উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: একটানা দুর্যোগের হাত থেকে রেহাই পেতে চলেছে দক্ষিণবঙ্গ। মঙ্গলবার থেকেই আবহাওয়ার সার্বিক উন্নতি ঘটতে শুরু করেছে। তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে এখনই কমবে না বৃষ্টির দাপট। আগামী কয়েকদিন কেমন থাকবে বঙ্গের আবহাওয়া? জেনে নিন (Climate Replace)।
উত্তরবঙ্গের আবহাওয়া
উত্তরবঙ্গের (North Bengal) জেলাগুলিতে দুর্যোগ বহাল থাকছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে এক থেকে দু’জায়গায় বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টির হলুদ সতর্কতা বলবৎ থাকছে। সব জেলাতেই ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবারও জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে বিক্ষিপ্ত ভারী বর্ষণ চলতে পারে। শনিবার থেকে সোমবারের মধ্যে পাহাড়ি জেলাগুলিতে বৃষ্টিপাতের তীব্রতা কিছুটা কমলেও হালকা থেকে মাঝারি বর্ষণ অব্যাহত থাকবে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
দক্ষিণবঙ্গের (South Bengal) মাথার ওপর থেকে গভীর নিম্নচাপটি ঝাড়খণ্ডের দিকে সরে যাচ্ছে। কলকাতা সহ পূর্ব দিকের জেলাগুলিতে ধীরে ধীরে মেঘ কেটে রোদের দেখা মিলতে চলেছে। মঙ্গলবার পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম ও পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকলেও বুধবার থেকে দক্ষিণবঙ্গজুড়েই বৃষ্টির দাপট উল্লেখযোগ্যভাবে কমবে। কলকাতায় আকাশ মূলত আংশিক মেঘলা থাকবে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আগামী সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের দু’-এক জায়গায় কেবল ছিটেফোঁটা বৃষ্টি ছাড়া বড় দুর্যোগের আর কোনও আশঙ্কা নেই। তবে সক্রিয় মৌসুমী অক্ষরেখা ও জোড়া ঘূর্ণাবর্তের কারণে উত্তাল সমুদ্রে মৎস্যজীবীদের যাতায়াতে নিষেধাজ্ঞা জারি রয়েছে।

