উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: কমনওয়েলথ গেমসে পদক জিতে ইতিহাস তৈরি করেছে ভারতীয় বক্সিং দল। তবে সেই ঐতিহাসিক সাফল্যের উদযাপনের মাঝেই তৈরি হল অনভিপ্রেত বিতর্ক। স্কটল্যান্ডের গ্লাসগোর একটি বিখ্যাত ভারতীয় রেস্তোরাঁয় খাবারের ন্যাপকিন এবং বাইরে টাঙানো ভারতের ব্র্যান্ডিং মানচিত্রে নেই আস্ত উত্তর-পূর্ব ভারত! বিষয়টি চোখে পড়তেই চরম ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন অসমের তারকা বক্সার তথা কমনওয়েলথ গেমসে রুপোজয়ী লভলিনা বরগোহাই (Lovlina Borgohain)।
ঘটনাটি ঘটে গ্লাসগোর (Glasgow) খ্যাতনামা ভারতীয় রেস্তোরাঁ ‘মিষ্টার সিং’স ইন্ডিয়া-তে। কমনওয়েলথ গেমসে ৭টি সোনা ও ৩টি রুপো সহ মোট ১০টি পদক জয়ের পর ভারতীয় বক্সিং দল সেখানে নৈশভোজে গিয়েছিল। খাওয়ার সময় টেবিলের ন্যাপকিন ও রেস্তোরাঁর বাইরের ডিসপ্লে বোর্ডে চোখ পড়তে লভলিনা দেখেন, ভারতের (India) যে মানচিত্র ব্যবহার করা হয়েছে, তাতে দেশের উত্তর-পূর্বাঞ্চলকে বাদ দেওয়া হয়েছে।
এক অনলাইন ভার্চুয়াল কথোপকথনে এই নিয়ে আক্ষেপ প্রকাশ করে লভলিনা বলেন:”বিষয়টিকে কেউ অন্যভাবে নেবেন না। তবে এটা দেখে আমার সত্যিই আঘাত লেগেছে। ভারতের যে মানচিত্র ওখানে ব্যবহার করা হয়েছে, তাতে আমাদের উত্তর-পূর্ব ভারত নেই। এমনকী বাইরে যে ম্যাপ লাগানো রয়েছে, সেখান থেকেও উত্তর-পূর্বকে কেটে বাদ দেওয়া হয়েছে। উত্তর-পূর্বের বাসিন্দা হিসেবে এটা আমাদের সত্যিই কষ্ট দেয়। ভবিষ্যতে যাতে এই ধরনের ভুল না হয়, সেই অনুরোধই করব।”
তবে ঘটনাটি নিয়ে কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়নি বলে স্পষ্ট করেছেন ভারতীয় বক্সিং ফেডারেশনের (BFI) সভাপতি অজয় সিং। তিনি জানান:”রেস্তোরাঁয় কোনও গোলমাল হয়নি। এটা একটি অনিচ্ছাকৃত ভুল ছিল। আমি এবং লভলিনা বিষয়টি কর্তৃপক্ষের নজরে আনি। ওরা সাথে সাথেই নিজেদের ভুল স্বীকার করেছে এবং দ্রুত মানচিত্র সংশোধন করে নেওয়ার আশ্বাস দিয়েছে।”
উল্লেখ্য, গ্লাসগোর এই বিখ্যাত রেস্তোরাঁটিতে এর আগেও বহু সফরকারী ক্রীড়াবিদ এবং বিশিষ্ট অতিথিরা ঘুরে গিয়েছেন। তবে ভারতীয় দলের ঐতিহাসিক সাফল্যের মাঝে মানচিত্র বিভ্রাটের এই ঘটনা মুহূর্তে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে।

