উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে দুর্যোগের মেঘ। নতুন একটি নিম্নচাপ অঞ্চলের প্রভাবে উইকেন্ডে মাটি হতে পারে বাঙালির ছুটির মেজাজ। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিমবঙ্গ-উত্তর ওডিশা উপকূলের কাছাকাছি একটি নিম্নচাপ এলাকা তৈরি হয়েছে। যার জেরে ১ সেপ্টেম্বর পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তুমুল বৃষ্টির (Climate Replace) সম্ভাবনা রয়েছে। পাশাপাশি, ভিজবে উত্তরবঙ্গের পাহাড়ি জেলাগুলিও। আবহাওয়ার এই হঠাৎ পরিবর্তনে একাধিক জেলায় ইতিমধ্যেই সতর্কতা জারি করা হয়েছে।
উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলে বাতাসের উপরের স্তরে থাকা একটি ঘূর্ণাবর্তের জেরে এই নিম্নচাপ তৈরি হয়েছে। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৭.৬ কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত এই ঘূর্ণাবর্ত এবং অমৃতসর থেকে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত মৌসুমি অক্ষরেখার টানে দক্ষিণবঙ্গের আকাশে বিপুল পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে। এর প্রভাবেই সপ্তাহান্তে বৃষ্টিপাতের পরিমাণ ও তীব্রতা বাড়বে।
শনিবার কলকাতার আকাশ মূলত মেঘলা থাকার সম্ভাবনা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টির দেখা মিলতে পারে। শহরের বিভিন্ন স্থানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। তবে শুধু তিলোত্তমা নয়, দক্ষিণবঙ্গের (South Bengal Climate Replace) বেশ কিছু জেলায় আজ ভারী বৃষ্টির (৭ থেকে ১১ সেন্টিমিটার) পূর্বাভাস রয়েছে। বিশেষ করে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, হাওড়া, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে তুমুল বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে। এর মধ্যে দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে ঝোড়ো হাওয়ার গতিবেগ ৪০ থেকে ৫০ কিমি পর্যন্ত হতে পারে। দুর্যোগ এখানেই শেষ নয়। আগামী রবিবার অর্থাৎ ৩০ অগাস্ট পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির (৭ থেকে ২০ সেমি) কমলা সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, ঝাড়গ্রাম ও বাঁকুড়ার কিছু জায়গাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এমনকি সোমবারও পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম ও দুই মেদিনীপুরে বৃষ্টির ধারা অব্যাহত থাকতে পারে।
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের (North Bengal Climate Replace) আবহাওয়াতেও থাকছে বৃষ্টির দাপট। বিশেষ করে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া কালিম্পং, দার্জিলিং ও কোচবিহারে পরপর কয়েকদিন ভালোই বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

