উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সপ্তাহের শেষবেলায় স্বস্তির বৃষ্টি মহানগরে। পূর্বাভাস মতোই রবিবার সন্ধ্যায় দমকা হাওয়ার সঙ্গে ভিজল তিলোত্তমা। কলকাতার পাশাপাশি শহরতলি ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির খবর মিলেছে। তবে এখনই আবহাওয়া (Climate Replace) পরিষ্কার হওয়ার কোনো লক্ষণ নেই; বরং সোমবার থেকে রাজ্যজুড়ে বৃষ্টির দাপট আরও বাড়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর।
উত্তরবঙ্গের আবহাওয়া (North Bengal Climate Replace):
উত্তরবঙ্গের জেলাগুলিতেও দুর্যোগের সম্ভাবনা প্রবল। সোমবার থেকে বুধবার পর্যন্ত দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির (Heavy Rain) সম্ভাবনা রয়েছে। মালদা ও দুই দিনাজপুরেও ঝড়বৃষ্টির দাপট বজায় থাকবে। শুক্রবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে বলে সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।
দক্ষিণবঙ্গের পরিস্থিতি (South Bengal Climate Replace):
রবিবার সন্ধ্যায় কলকাতা ছাড়াও বৃষ্টিতে ভিজেছে বাঁকুড়া, নদিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর। বেশ কিছু জায়গায় ঝোড়ো হাওয়ার সঙ্গে শিলাবৃষ্টিও হয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, সোমবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ঝড়বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। বিশেষ করে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং হুগলি জেলায় শিলাবৃষ্টির আশঙ্কায় জারি করা হয়েছে কমলা সতর্কতা। কলকাতা, মুর্শিদাবাদ, নদিয়া ও উত্তর ২৪ পরগনাতেও বৃষ্টির পরিমাণ বেশি হতে পারে। ঝড়ের গতিবেগ হতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার। বুধ ও বৃহস্পতিবার বৃষ্টির দাপট কিছুটা কমলেও শুক্রবার থেকে ফের ঝড়বৃষ্টি বাড়বে বলে জানানো হয়েছে।
আবহাওয়া দপ্তরের রিপোর্ট অনুযায়ী, একটি ঘূর্ণাবর্তের প্রভাবে বায়ুমণ্ডলে প্রচুর জলীয় বাষ্প প্রবেশ করছে, যার ফলেই এই অকাল বৃষ্টি। আগামী কয়েকদিন চাষিদের শিলাবৃষ্টি থেকে ফসল রক্ষার পরামর্শ দেওয়া হয়েছে।
