উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: আইপিএল (IPL) ২০২৬-এর প্লে-অফের টিকিট আগেই হাতছাড়া হয়েছে, কিন্তু সম্মানরক্ষার লড়াইয়ে দমে যাওয়ার পাত্র নয় মুম্বই ইন্ডিয়ান্স (MI)। হারানোর কিছু নেই— এই মানসিকতা নিয়ে খেলতে নেমে পঞ্জাব কিংসের প্লে-অফের অঙ্কে বড়সড় ধাক্কা দিল তারা। ২০১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে তিলক বর্মার বিধ্বংসী ব্যাটে ৬ উইকেট হাতে রেখেই জয় ছিনিয়ে নিল মুম্বই। এই হারের ফলে টানা ৫ ম্যাচে পরাজয়ের গ্লানি নিয়ে মাঠ ছাড়তে হলো পঞ্জাবকে।
ছক্কা মেরে দলকে জেতানোর পর তিলক বর্মার (Tilak Varma) সেই শূন্যে লাফই বলে দিচ্ছিল জয়ের আনন্দ। ২০১ রান তাড়া করতে নেমে মুম্বই এক সময় প্রবল চাপে ছিল। কিন্তু সেখান থেকে রূপকথার প্রত্যাবর্তন ঘটালেন তিলক। মাত্র ৩৩ বলে অপরাজিত ৭৫ রানের ইনিংস খেলে একাই ম্যাচ বের করে আনলেন তিনি। তাঁর এই লড়াকু ইনিংস মুম্বইকে ১২ ম্যাচে ৮ পয়েন্টে পৌঁছে দিল।
এদিন টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে পঞ্জাব কিংস নির্ধারিত ২০ ওভারে ২০০/৮ রান তুলেছিল। কিন্তু পঞ্জাবের ব্যাটাররা বড় রান পেলেও তিলক বর্মার দাপটের সামনে তা ফিকে হয়ে যায়।পঞ্জাব কিংসের জন্য এই ম্যাচটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। ১২ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে থমকে গেল তারা।
