উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: বর্ষার খামখেয়ালি মেজাজে রাজ্যজুড়ে বদলাচ্ছে আবহাওয়া। কলকাতায় বৃষ্টির দাপট সামান্য কমতেই চরম অস্বস্তি বাড়াচ্ছে বাতাসে থাকা অতিরিক্ত জলীয় বাষ্প। তবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝোড়ো হাওয়া সহ বৃষ্টির সম্ভাবনা থাকলেও উত্তরবঙ্গে বজায় থাকছে ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা (Climate Replace)।
উত্তরবঙ্গের আবহাওয়া
আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের (North Bengal) অধিকাংশ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে পাহাড় ও ডুয়ার্স সংলগ্ন দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার—এই ৫টি জেলায় এক-দু’টি স্থানে ভারী থেকে অতিভারী বৃষ্টির (৭ থেকে ২০ সেমি) আশঙ্কায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া উত্তর দিনাজপুর জেলায় ভারী বৃষ্টির (৭ থেকে ১১ সেমি) সম্ভাবনা থাকায় হলুদ সতর্কতা রাখা হয়েছে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
আজ দক্ষিণবঙ্গের (South Bengal) সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বিশেষ করে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, মুর্শিদাবাদ এবং বীরভূম—এই ৮টি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। এই জেলাগুলির জন্য হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। অন্যদিকে, কলকাতায় দিনভর আংশিক মেঘলা আকাশ ও হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে।

