উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সামনেই বড়দিন। তার আগে উত্তরবঙ্গে শীতের আমেজ স্পষ্ট। কিন্তু এরই মাঝে দক্ষিণবঙ্গে সামান্য বেড়েছে তাপমাত্রা। তবে বড়দিনের আগেই ফের তাপমাত্রা নামবে বলে জানিয়েছে হাওয়া অফিস (Climate Replace)।
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, উত্তরবঙ্গের (North Bengal) সব জেলাগুলিতেই বৃহস্পতিবার ও শুক্রবার বজায় থাকবে কুয়াশার দাপট। ভোর এবং রাতের দিকে অনেকটা কমতে পারে দৃশ্যমানতা। তবে আগামী কয়েকদিন আবহাওয়া মোটের উপর শুষ্কই থাকবে। আগামী সাতদিনে তাপমাত্রা হেরফের হওয়ার খুব একটা সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস।
অন্যদিকে, চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গে (South Bengal) সামান্য বাড়বে তাপমাত্রা। বৃহস্পতিবার ভোরে তাপমাত্রা প্রায় ১ ডিগ্রি বেড়ে গিয়েছে। অন্য জেলাগুলিতেও তাপমাত্রা ওঠানামা করবে। শুক্রবার ভোরের দিকে ঘন কুয়াশার সতর্কতা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া ও পশ্চিম বর্ধমান জেলায়। আগামী সাতদিনে জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা না থাকলেওবড়দিনের পর থেকে ধীরে ধীরে পারদপতন শুরু হতে পারে।
