উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস জেলায় জেলায়। হাওয়া অফিস জানিয়েছে, এখনও স্থান বদল করেনি দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া নিম্নচাপ। এর সঙ্গে যুক্ত রয়েছে একাধিক ঘূর্ণাবর্ত ও নিম্নচাপ অক্ষরেখা। সেই কারণেই রাজ্যে দুর্যোগের পূর্বাভাস (Climate Replace)।
উত্তরবঙ্গের আবহাওয়া
উত্তরবঙ্গের (North Bengal) জেলাগুলিতে বৃষ্টির তীব্রতা দক্ষিণবঙ্গের তুলনায় অনেক বেশি থাকবে। বুধবার জলপাইগুড়ি জেলায় এক বা দু’টি স্থানে ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত অতিভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এছাড়া দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার এবং উত্তর দিনাজপুর জেলাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া বইতে পারে, যার গতিবেগ হতে পারে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার। সামগ্রিকভাবে, আগামী কয়েকদিন রাজ্যজুড়ে এই বৃষ্টির পরিস্থিতি বজায় থাকবে বলে মনে করছে আবহাওয়া দপ্তর।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
দক্ষিণবঙ্গের (South Bengal) জেলাগুলিতেও কালবৈশাখীর প্রভাব বজায় থাকার পূর্বাভাস রয়েছে। বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে এক বা দু’টি স্থানে বৃষ্টির সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না হাওয়া অফিস। তবে আগামী ৫ দিনে ২ থেকে ৩ ডিগ্রি বাড়তে দক্ষিণের জেলাগুলির তাপমাত্রা।
