উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: ঝড়বৃষ্টির ভ্রূকুটি বঙ্গে। উত্তরবঙ্গে এখনও গরম খুব একটা দাপট না দেখালেও তীব্র তাপপ্রবাহ ও আর্দ্রতাজনিত অস্বস্তিতে গত কয়েকদিন ধরে দক্ষিণবঙ্গের জনজীবন বিপর্যস্ত ছিল। তবে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আজ বুধবার থেকেই সেই পরিস্থিতির বদল হতে চলেছে (Climate Replace)। বঙ্গোপসাগর থেকে আসা জলীয় বাষ্পের প্রভাবে আজ থেকেই দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে কালবৈশাখীর দাপটও দেখা যেতে পারে। পাশাপাশি উত্তরবঙ্গেও রয়েছে বৃষ্টির পূর্বাভাস।
উত্তরবঙ্গের আবহাওয়া
উত্তরবঙ্গে (North Bengal) গত কয়েকদিন ধরেই নিয়মিত বিরতিতে বৃষ্টি হচ্ছে। ফলে তাপমাত্রা বেশ নিয়ন্ত্রণেই রয়েছে। বুধবারও কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদা জেলায় কালবৈশাখীর কমলা সতর্কতা রয়েছে। ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে বইবে ঝড়। ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে জলপাইগুড়ি, কালিম্পং ও দক্ষিণ দিনাজপুরে। তবে এখনই তীব্র গরমের কোনও আশঙ্কা নেই উত্তরে। পাহাড়ি অঞ্চলেও আবহাওয়া মনোরমই থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
বুধবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে (South Bengal) ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। এর ফলে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। বুধবার বিশেষ করে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় বৃষ্টির প্রকোপ বেশি থাকবে বলে মনে করা হচ্ছে। এই জেলাগুলিতে ৪০ থেকে ৫০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে, যার জন্য ‘হলুদ সতর্কতা’ জারি করা হয়েছে। বৃহস্পতিবার তুমুল ঝড়বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলায়। শুক্রবারও একই রকম থাকবে আবহাওয়া। তবে এই ঝড়বৃষ্টির পাশাপাশি তাপপ্রবাহের সতর্কতাও রয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়া জেলায়।
