উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: রাজ্যজুড়ে ফের সক্রিয় হয়েছে ঝড়বৃষ্টি। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী রবিবার পর্যন্ত পশ্চিমবঙ্গজুড়ে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলতে পারে। সেই সঙ্গে বাতাসে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প থাকায় ভ্যাপসা গরম ও অস্বস্তি বহাল থাকবে (Climate Replace)।
উত্তরবঙ্গের আবহাওয়া
উত্তরবঙ্গের (North Bengal) জেলাগুলিতে বৃহস্পতিবার হলুদ সতর্কতা বহাল রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং কোচবিহারে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। সেই সঙ্গে অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে আলিপুরদুয়ার জেলায়। অন্যান্য জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে দমকা বাতাস বইতে পারে। শুক্রবার ভারী বৃষ্টির হতে পারে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায়। তবে স্বস্তির খবর হল, শুক্রবার থেকেই উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ উল্লেখযোগ্যভাবে কমে যাবে। শনি থেকে মঙ্গলবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় বৃষ্টি হলেও বড় কোনও সতর্কবার্তা নেই।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
দক্ষিণবঙ্গে (South Bengal) আগামী কয়েকদিন বৃষ্টির প্রবণতা অনেকটাই বেশি থাকবে। আজ ও কাল, বৃহস্পতি এবং শুক্রবার সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বৃহস্পতিবার পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে। শুক্রবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, হুগলি, বাঁকুড়া এবং পুরুলিয়া জেলায় বজ্রপাতে বেশি আশঙ্কার কারণে কমলা সতর্কতা রয়েছে। বৃষ্টির সময় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। শনি ও রবিবার বৃষ্টির প্রভাব কিছুটা কমলেও পশ্চিমের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। তবে সোমবার থেকে আবহাওয়া উন্নতির সম্ভাবনা রয়েছে।

