উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: বৃহস্পতিবার উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন বাংলাদেশ উপকূলের ঘূর্ণাবর্তের প্রভাবে নতুন করে নিম্নচাপ তৈরি হয়েছে। এর জেরে বর্ষা বিদায়ের ঠিক আগে রাজ্যজুড়ে দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। সক্রিয় মৌসুমি অক্ষরেখার টানে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ উল্লেখযোগ্যভাবে বাড়বে (Climate Replace)।
উত্তরবঙ্গের আবহাওয়া
উত্তরের জেলাগুলিতেও (North Bengal) আগামী কয়েকদিন বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিশেষ করে শুক্রবার জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার এই দুই জেলার পাশাপাশি দার্জিলিং এবং কালিম্পং জেলাতেও বাড়বে বৃষ্টির পরিমাণ। সেই সঙ্গে প্রতিটি জেলাতেই ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। রবিবার পর্যন্ত দুর্যোগের পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
আগামী তিনদিন অর্থাৎ শুক্রবার থেকে রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের (South Bengal) সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর মধ্যে বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। এই দুই জেলায় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। এছাড়া পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়াতেও রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। এই জেলাগুলিতেও ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। শুক্রবারও পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়াতে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। তারপর থেকে দক্ষিণবঙ্গে কমতে পারে বৃষ্টির দাপট।
দেশের উত্তর-পশ্চিম অংশ থেকে মেঘের আচ্ছাদন কমতে শুরু করলেও পূর্বাঞ্চলে মৌসুমী বায়ু এখনও সক্রিয়। আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী, আগামী ১২ থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত বর্ষা শেষবেলায় ফের ঝোড়ো ব্যাটিং করবে। এই দফায় ভারী বৃষ্টির পর্ব মিটলেই আনুষ্ঠানিকভাবে দেশজুড়ে বর্ষা বিদায়ের প্রক্রিয়া শুরু হবে।

