উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর দাপটে রাজ্যজুড়ে শুরু হয়েছে বর্ষণ। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি, আগামী সাতদিন উত্তরবঙ্গের জেলাগুলিতে প্রবল বর্ষণের সতর্কতা জারি করা হয়েছে (Climate Replace)।
উত্তরবঙ্গের আবহাওয়া
উত্তরবঙ্গে আগামী সাতদিন একটানা ঝড়বৃষ্টি চলবে (North Bengal)। বিশেষ করে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং ও দার্জিলিং এই পাঁচ জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শনিবার ও রবিবার এই জেলাগুলিতে ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত প্রবল বর্ষণের সতর্কতা জারি করা হয়েছে। উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদাতেও আগামী কয়েকদিন বিক্ষিপ্ত ঝড়বৃষ্টি অব্যাহত থাকবে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
মঙ্গলবার দক্ষিণবঙ্গের (South Bengal) আকাশ মেঘলা থাকবে। কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। নদিয়া, দুই বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে হাওয়ার গতিবেগ থাকতে পারে ৪০-৫০ কিলোমিটার। এই পাঁচ জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির জন্য ‘কমলা সতর্কতা’ জারি করা হয়েছে। বাকি জেলাগুলিতে রয়েছে ‘হলুদ সতর্কতা’। বুধবার ও বৃহস্পতিবার নদিয়া, দুই বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে বৃষ্টির তীব্রতা বাড়ার সম্ভাবনা। বৃহস্পতিবার পুরুলিয়া ও বাঁকুড়াতেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শুক্রবার থেকে উপকূলীয় দুই ২৪ পরগনায় দুর্যোগ বাড়তে পারে।
আবহাওয়া দপ্তর জানিয়েছে, রাজ্যজুড়ে ঝড়বৃষ্টি চললেও আগামী কয়েকদিনে তাপমাত্রার বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে উপকূল ও পাহাড়ি এলাকায় সাধারণ মানুষকে সতর্ক থাকতে পরামর্শ দেওয়া হয়েছে।

