রাজ্যের কৃষকদের স্বার্থে আরও একগুচ্ছ পদক্ষেপ নিল রাজ্য সরকার। কৃষিকাজকে আরও লাভজনক, সহজসাধ্য ও প্রযুক্তিনির্ভর করতে সরকারি আর্থিক সহায়তা প্রকল্প আনল রাজ্য সরকার। আধুনিক কৃষিযন্ত্র ক্রয়, কৃষিযন্ত্রাদি ভাড়া কেন্দ্র স্থাপনের জন্য পদক্ষেপ নেওয়া হয়েছে। ৫০০ কৃষি যন্ত্রাদি ভাড়া কেন্দ্র, ১০৮৫ ফার্ম মেশিনারী ব্যাঙ্ক বা হাব। ১০০ আধুনিক কিষাণ ড্রোন বিতরণ-সহ প্রায় ৬৭,৫৮৫ জন কৃষকে সাহায্য করার লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে।
কৃষিদপ্তর থেকে জানানো হয়েছে, বড় কৃষি যন্ত্রপাতি ক্রয়ের জন্য আর্থিক সহায়তা প্রকল্পে, কৃষক তালিকাভুক্ত বিভিন্ন আধুনিক যন্ত্র কিনতে পারবেন। পাওয়ার টিলার, পাওয়ার উইডার, পাওয়ার রিপার, পাম্পসেট (বিদ্যুৎ/পেট্রল/ডিজেল/ সোলার), ট্রাক্টর চালিত মাল্টিক্রপ থ্রেশার/ধান ঝাড়াই যন্ত্র/ভুট্টা থ্রেশার/ চীনাবাদাম থ্রেশার, রোটাভেটর, ইঞ্জিনচালিত পাওয়ার স্প্রেয়ার, মিনি রাইস/ডাল/ তেল মিল/ মিলেট মিম্ন, মুড়ি তৈরি করার মেশিন-সহ একাধিক যন্ত্র কেনার সুযোগ থাকবে। তবে একটি যন্ত্র ক্রয় করা যাবে। বিভিন্ন যন্ত্র কেনার ক্ষেত্রে ৫০ শতাংশ ভর্তুকি দেবে সরকার। সোলার পাম্পসেটের ক্ষেত্রে ৬০ শতাংশ ভুর্তুকি মিলবে। সর্বোচ্চ ৩ লক্ষ টাকা পর্যন্ত ভর্তুকি মিলবে।
আরও পড়ুন:
ক্ষুদ্র কৃষি যন্ত্রপাতি ক্রয়ের জন্য এককালীন আর্থিক সহায়তা প্রকল্পে এক কৃষক তালিকাভুক্ত একাধিক ছোট কৃষি যন্ত্রপাতি কিনতে পারবেন। হস্তচালিত স্প্রেয়ার, পদচালিত ফুট স্প্রেয়ার, পদচালিত ধানঝাড়া মেশিন, হস্ত চালিত খড় কাটা মেশিন-সহ একাধিক যন্ত্র কেনা যাবে। সব মিলিয়ে ৫০ শতাংশ ভর্তুকি মিলবে। এই প্রকল্পে একই ধরনের দু’টি কৃষি যন্ত্রপাতি কিনতে পারবেন।
কৃষি যন্ত্রাদি ব্যাঙ্ক স্থাপনের জন্য আর্থিক সহায়তা প্রকল্পও আনা হয়েছে। এই প্রকল্পে কৃষি যন্ত্রাদি ব্যাঙ্ক স্থাপনের জন্য ৩০ লক্ষ টাকা প্রকল্প মূল্য পর্যন্ত ৮০ শতাংশ হারে সরকারি অনুদান দেওয়া হবে। প্রকল্প মূল্য ৩০ লক্ষ টাকার বেশিও হতে পারে। কিন্তু সেক্ষেত্রে ভর্তুকি সর্বাধিক ২৪ লক্ষ টাকা পর্যন্ত পাওয়া যাবে। ১০ লক্ষ টাকা প্রকল্প মূল্য পর্যন্ত কৃষক বন্ধু নতুন বা পিএম কিষান সম্মান নিধি প্রকল্পে যুক্ত কৃষক, সরকার অনুমোদিত কৃষক গোষ্ঠী (১ বছরের পুরনো) এবং ১০ লক্ষ টাকার উপরের প্রকল্প মূল্যের জন্য কেবলমাত্র সরকার অনুমোদিত কৃষক গোষ্ঠীই আবেদন করতে পারবেন।
১০ লক্ষ টাকা প্রকল্প মূল্য পর্যন্ত প্রকল্পের ক্ষেত্রে ভর্তুকি বাদে বাকি টাকা আবেদনকারীকে প্রদান করতে হবে।কিন্তু ১০ লক্ষ টাকার উপরের প্রকল্পে আবেদনকারীকে ভর্তুকি বাদে বাকি টাকা ব্যাংক ঋণ ও নিজস্ব তহবিল থেকে প্রদান করতে হবে। এ ক্ষেত্রে ব্যাংক ঋণ বাধ্যতামূলক।
কারা আবেদন করতে পারবেন?
কৃষকবন্ধু (নতুন) বা ‘পিএম কিষান সম্মান নিধি’ প্রকল্পে নথিভুক্ত সকল কৃষক। সরকারি স্বীকৃত কৃষকগোষ্ঠী। কৃষি সমবায় ও স্বনির্ভর সংস্থা। বয়স হতে হবে ১৮ থেকে ৭০ বছরের মধ্যে। সরকারি বা সরকার অধিগৃহীত সংস্থায় কর্মরত বা অবসরপ্রাপ্ত কর্মী হলে আবেদন করা যাবে না। পাওয়ার টিলার ও সোলার পাম্প সেটের যে সমস্ত কৃষকের নামে কমপক্ষে ০.৫ একর কৃষিজমির খতিয়ান তাঁরা আবেদন করতে পারবেন।
কী ডকুমেন্ট লাগবে
ভোটার কার্ড, আধার কার্ড, আধার-সংযুক্ত ডিবিটি ব্যাংক অ্যাকাউন্টের পাশবই, নিজস্ব চালু মোবাইল নম্বর, জমির পর্চা , পি এম কিষান সম্মান নিধি/কৃষক বন্ধু নতুন প্রকল্পের নিবন্ধীকৃত নম্বর। তিন কপি সাম্প্রতিক তোলা রঙিন পাসপোর্ট সাইজের ছবি। দিয়ে আবেদন করতে হবে।
কোথায় কবে থেকে আবেদন করা যাবে?
https://wbfms.wb.gov.in লিঙ্কের মাধ্যমে অনলাইনে ৬ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত পর্যন্ত আবেদন করা যাবে। অনলাইনে আবেদনের পর প্রিন্ট কপি সমস্ত নথিসহ কৃষি অধিকর্তার অফিসে জমা দিতে হবে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
