চোপড়া: চা বাগানের (Tea Backyard) জমির দখলকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে সংঘর্ষে (Conflict) ব্যাপক উত্তেজনা ছড়াল। রবিবার ঘটনাটি ঘটেছে চোপড়ার (Chopra) মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের চুয়াগাড়ি চৌরঙ্গী মোড় এলাকায়। জানা গিয়েছে, ধারালো অস্ত্র, বাঁশ ও লাঠিসোটার আঘাতে উভয় পক্ষের ৮ জন গুরুতর জখম হয়েছেন। আহতদের প্রথমে দলুয়া ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরে একজনকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে এবং ৭ জনকে ইসলামপুর মহকুমা হাসপাতালে স্থানান্তর করা হয়। ঘটনার পর চোপড়া থানার পুলিশ তাজেন্দ্রনাথ সিংহ ও উত্তম সিংহ নামে দু’জনকে আটক করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শরিকি জমির মালিকানা ও দখল নিয়ে কাকা-ভাস্তে তাজেন্দ্রনাথ ও উত্তমের পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল। এদিন তাজেন্দ্রনাথের দখলে থাকা চা বাগানে উত্তমের পক্ষের লোকজন পাতা তুলতে গেলে বচসা শুরু হয়। পরে তা সংঘর্ষে গড়ায়। উভয় পক্ষই পরস্পরের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছে। তাজেন্দ্রনাথের পরিবারের দাবি, রাজনৈতিক প্রভাব খাটিয়ে জমি দখলের চেষ্টা চলছে। অভিযোগ অস্বীকার করে উত্তমের পরিবারের দাবি, জমি নিয়ে দীর্ঘদিনের বিবাদ রয়েছে। দু’পক্ষের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।
