অবিলম্বে চিন্ময় প্রভুর মুক্তির দাবি তুলে বিক্ষোভকারীরা ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে তাঁদের ধস্তাধস্তি ও হাতাহাতি বেধে যায়। শেষ পর্যন্ত বাধ্য হয়েই ডেপুটি হাইকমিশনের সামনে রাস্তায় অবস্থানে বসেন তাঁরা। তাঁদের সাফ কথা, এতদিন ধরে বিনা বিচারে ওপার বাংলায় বন্দি রাখা হয়েছে চিন্ময় প্রভুকে, অবিলম্বে তাঁর মুক্তি চাই।
উল্লেখ্য, ২০২৪ সালের নভেম্বর মাস থেকে ‘বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চ’-র মুখপাত্র তথা হিন্দু সন্ন্যাসী চিন্ময় প্রভু জেলবন্দি রয়েছেন। তাঁর বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা দায়ের করা হয় এবং বারবার তাঁর জামিনের আবেদন খারিজ করে দেয় ওপার বাংলার আদালত। পরবর্তীতে বাংলাদেশে রাজনৈতিক পটপরিবর্তন ঘটে এবং তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠিত হলেও চিন্ময় প্রভুর আইনি লড়াইয়ে কোনও গতি আসেনি। সম্প্রতি তাঁর অসুস্থ মায়ের মৃত্যুর পর প্যারোলের আবেদনও খারিজ হয়ে যায়, এমনকি শেষকৃত্যের জন্য মাত্র ৫ ঘণ্টার জন্য তাঁকে মুক্তি দেওয়া হয়েছিল।

