Char Torsa Diversion | বর্ষার প্রথম ভারী বর্ষণেই জলমগ্ন ডাইভারশন, ফালাকাটা-আলিপুরদুয়ারে বন্ধ যান চলাচল

Char Torsa Diversion | বর্ষার প্রথম ভারী বর্ষণেই জলমগ্ন ডাইভারশন, ফালাকাটা-আলিপুরদুয়ারে বন্ধ যান চলাচল

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


ফালাকাটা: বর্ষার প্রথম ভারী বৃষ্টিতেই চরম দুর্ভোগ। ফালাকাটা-সলসলাবাড়ি নির্মীয়মাণ মহাসড়কের চরতোর্ষা নদীর ডাইভারশন (Char Torsa Diversion) রবিবার সকাল থেকে জলের নিচে তলিয়ে যাওয়ায় বন্ধ হয়ে গেল ফালাকাটা-আলিপুরদুয়ার সড়ক যোগাযোগ। জল বাড়ায় ডাইভারশনের একাংশ ভেঙেও পড়েছে, যা নিয়ে ক্ষোভ বাড়ছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে।

রবিবার সকাল ৯টা পর্যন্ত কোনোমতে যানবাহন চলাচল করলেও, এরপরই জলের তোড়ে ডাইভারশনটি প্লাবিত হয়। স্থানীয়দের অভিযোগ, জাতীয় সড়ক কর্তৃপক্ষের চরম গাফিলতিতেই প্রতি বর্ষায় এই একই দৃশ্য দেখা যায়। এখানে চরতোর্ষা নদীর ওপর একযোগে দুটি পাকা সেতুর নির্মাণ কাজ চলছে। স্থানীয়রা বারবার দাবি জানিয়েছিলেন একটি সেতু দ্রুত সম্পূর্ণ করে চালু করার জন্য, কিন্তু কর্তৃপক্ষ একইসঙ্গে দুটি সেতুর কাজ শুরু করায় নির্মাণকাজ ঝুলে রয়েছে। ফলে বর্ষায় সাধারণ মানুষকে এই চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে।

সকালে অনেক কৃষক উৎপাদিত পণ্য নিয়ে ফালাকাটা বাজারে এলেও জল বেড়ে যাওয়ায় এখন আর বাড়ি ফিরতে পারছেন না। কেউ কেউ প্রাণের ঝুঁকি নিয়ে হাঁটু সমান স্রোতের জল মাড়িয়ে পার হওয়ার চেষ্টা করছেন। পুলিশ মোতায়েন থাকলেও সাধারণ মানুষের যাতায়াত কার্যত স্তব্ধ হয়ে পড়েছে। বুলডোজার নিয়ে এলেও জলের স্রোতের কারণে আপাতত কাজ শুরু করতে পারছে না সড়ক কর্তৃপক্ষ।

সড়ক কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমান পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে। জলস্তর কিছুটা কমলেই দ্রুত ডাইভারশন মেরামতের কাজ শুরু করা হবে। ডাবল ইঞ্জিনের সরকারের আমলে মহাসড়কের কাজ চলাকালীন এই বেহাল দশা ও জনভোগান্তি নিয়ে এলাকায় তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে। দ্রুত বিকল্প ব্যবস্থা বা সেতু চালুর দাবি তুলেছেন সাধারণ মানুষ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *