চ্যাংরাবান্ধা: আবাস যোজনার ‘কাটমানি’ (Minimize-Cash) ফেরত চেয়ে তৃণমূল কর্মীর বাড়িতে তুমূল বিক্ষোভে সামিল হলেন এলাকাবাসী। রবিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে চ্যাংরাবান্ধা (Changrabandha) গ্রাম পঞ্চায়েতের দেবী কলোনী এলাকায়। এদিন এলাকাবাসীরা মিছিল করে অভিযুক্ত তৃনমূল কর্মী কৃষ্ণ সূত্রধরের বাড়িতে পৌঁছে বিক্ষোভ দেখাতে শুরু করেন।
এই প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা রবি মন্ডল বলেন,”তৃণমূলের কর্মী কৃষ্ণ সূত্রধর ঘর পাইয়ে দেওয়ার নাম করে আমার কাছ থেকে ১৫ হাজার টাকা নিয়েছে, এমন বহুজনের থেকেই টাকা নিয়েছে। ওরা শাসক দলে ছিল তাই অভিযোগ জানালে কেউ শুনতো না, এখন আমরা আমাদের টাকা ফেরত নিতে ওর বাড়িতে এসেছিলাম। ও বাড়িতে না থাকায় ওর বাবা মাকে বলে গেছি। আমাদের পক্ষ থেকে স্থানীয় পঞ্চায়েত রিনা সরকারের কাছেও এবিষয়ে জানানো হয়েছে এদিন। পঞ্চায়েত সদস্য টাকা চাননি আমাদের কাছে। কিন্তু তাকে আমরা আজ বিষয়টা জানালাম।”
কৃষ্ণ সূত্রধরের বাবা জগদীশ সরকার বলেন,”ছেলে বাইরে থাকে। অসমে কাজ করে। ও কি টাকা নিয়েছে না নিয়েছে আমি জানিনা। ও আসলে সব পরিস্কার হবে।”
গ্রামবাসীরা এরপর টাকা ফেরতের বিষয়টি (Corruption) নিয়ে স্থানীয় পঞ্চায়েত সদস্য রীনা সরকারের বাড়িতে যান। সেখানেও তাঁরা টাকার দাবি নিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। এই বিষয়ে পঞ্চায়েত সদস্যের ভাসুর মদনমোহন সরকার বলেন, “কাউকে টাকা দিতে আমরা বলিনি। আমাদের জিজ্ঞেস করে কাউকে টাকা কেউ দেয়নি।”
এ বিষয়ে স্থানীয় পঞ্চায়েত সদস্য রীনা সরকারের মন্তব্য,”গ্রামবাসীরা কাউকে টাকা দেওয়ার সময় আমাকে বলেনি কিছু। এই ব্যাপারে আমার কিছু জানা নেই। কৃষ্ণ সূত্রধর বাইরে থাকেন। উনি বাড়ি এলে গ্রামবাসীদের সামনাসামনি বসিয়ে বৈঠক করে এ বিষয়ে পদক্ষেপ করা হবে।”
