চ্যাংরাবান্ধা: প্রতিদিনের চেনা ছক ভেঙে শুক্রবার মেখলিগঞ্জ ব্লকের (Mekhliganj) আইসিডিএস কেন্দ্রগুলিতে (ICDS Centar) ধরা পড়ল এক ভিন্ন ছবি। স্রেফ পড়াশোনা, খেলাধুলো বা সাধারণ খাবার নিয়ে বাড়ি ফেরা নয়, চ্যাংরাবান্ধা সহ ব্লকের মোট ২৬৬টি কেন্দ্রে এদিন সাড়ম্বরে পালিত হলো ‘অন্নপ্রাশন দিবস’(Annaprashan Divas)। খুদেদের মুখে প্রথম অন্ন তুলে দেওয়ার এই বিশেষ কর্মসূচিকে ঘিরে উৎসবের মেজাজ তৈরি হয় কেন্দ্রগুলিতে।
এদিন খুদেদের প্রদীপ জ্বালিয়ে বরণ করে নেওয়ার পাশাপাশি পরানো হয় টোপর ও মালা। অন্নপ্রাশন মানেই পায়েস, আর সেই পায়েসের সঙ্গে মেনুতে ছিল এলাহি আয়োজন। চ্যাংরাবান্ধার ৬৫ নম্বর আইসিডিএস কেন্দ্রের কর্মী সাহেরা বেগম জানান, “প্রতি তিন মাস অন্তর সুপুষ্টি দিবসের সঙ্গেই আমরা অন্নপ্রাশন দিবস পালন করি। আজকের মেনুতে পায়েস ছাড়াও ছিল ভাত, ডিমের ঝোল এবং পাঁচ রকমের ভাজা (আলু, করলা, বেগুন, পটল ও ডিম ভাজা)।”
এই বিশেষ আয়োজনে অংশ নিয়ে খুশি অভিভাবকরাও। সংগীতা অধিকারী নামে এক উপভোক্তা বলেন, “বাড়িতে ছেলের অন্নপ্রাশন হলেও, সেন্টারে এসে সবার সঙ্গে মিলে এই অনুষ্ঠান করে খুব ভালো লাগছে।” চ্যাংরাবান্ধা গ্রাম পঞ্চায়েতের আইসিডিএস সুপারভাইজার চিত্রা দাস গুহ জানান, এই ধরনের কর্মসূচির মাধ্যমে কর্মী ও উপভোক্তাদের মধ্যে সামাজিক বন্ধন আরও দৃঢ় হয়। চ্যাংরাবান্ধার ৪২টি কেন্দ্র সহ গোটা মেখলিগঞ্জ ব্লকের আইসিডিএস কেন্দ্রগুলিতে এই কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে।
