উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডের (Chandranath Rath Homicide Case) তদন্তভার আনুষ্ঠানিকভাবে হাতে নিল সিবিআই (CBI)। রাজ্য পুলিশের সুপারিশের ভিত্তিতেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এই মামলার দায়িত্ব গ্রহণ করেছে। সিবিআই সূত্রে জানানো হয়েছে, কলকাতা জ়োনের যুগ্ম নির্দেশকের অধীনে একটি বিশেষ তদন্তকারী দল (SIT) গঠন করে এই খুনের রহস্যভেদে নামছে তারা।। ৭ জনের এই দলে থাকবেন আরও দুজন পুলিশ সুপার মর্যাদার অফিসার। সোমবার মধ্যরাতেই এই সিট গঠনের নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর সূত্রের।
গত ৬ মে রাতে মধ্যমগ্রামে চন্দ্রনাথের গাড়ি আটকে দুষ্কৃতীরা অতর্কিতে গুলি চালায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর, গুরুতর জখম হন চালক। এই ঘটনায় ইতিমধ্যেই উত্তরপ্রদেশ ও বিহার থেকে তিন পেশাদার শুটারকে গ্রেপ্তার করেছে রাজ্য পুলিশের সিট। ধৃতদের নাম ময়ঙ্করাজ মিশ্র, ভিকি মৌর্য এবং রাজ সিং। তাদের থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে জানা গিয়েছে, খুনে ব্যবহৃত গাড়িটি ঝাড়খণ্ড থেকে আনা হয়েছিল। বালি টোলপ্লাজায় ডিজিটাল পেমেন্টের সূত্র ধরেই মূলত অভিযুক্তদের নাগাল পায় পুলিশ।
এর আগে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও আদালতের নজরদারিতে সিবিআই তদন্তের দাবি জানানো হয়েছিল। সিবিআই জানিয়েছে, তদন্তের প্রয়োজনে কলকাতা জোনের দক্ষ আধিকারিকদের এই বিশেষ দলে নিয়োগ করা হবে। ডিজিটাল ট্র্যাকিং ও প্রযুক্তির সাহায্য নিয়ে রাজ্য পুলিশ যে সূত্রগুলো সাজিয়েছিল, সেগুলিকে ভিত্তি করেই এখন তদন্ত এগিয়ে নিয়ে যাবে কেন্দ্রীয় সংস্থা। তবে এই হাই-প্রোফাইল খুনের নেপথ্যে বড় কোনও ষড়যন্ত্র বা রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে কি না, সেটাই খুঁজে বের করা এখন সিবিআইয়ের মূল চ্যালেঞ্জ।
