Burdwan Medical School | ফের ভুল রোগীর হাতে রক্তের রিকুইজিশন! হুঁশ ফেরেনি বর্ধমান মেডিকেলের

Burdwan Medical School | ফের ভুল রোগীর হাতে রক্তের রিকুইজিশন! হুঁশ ফেরেনি বর্ধমান মেডিকেলের

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


বর্ধমানঃ রোগী মৃত্যুর পরেও যেন হুঁশ ফেরেনি। ফের ভুল রোগীর হাতে রক্ত, ইউএসজি, ইসিজির রিকুইজিশন। তা নিয়ে আবারও প্রশ্নের মুখে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা পরিষেবা। কয়েকদিন আগেই ভুল করে একজন রোগীর রক্ত অন্য রোগীকে দিয়ে দেওয়ার অভিযোগে মৃত্যুর ঘটনা সামনে আসে। তার রেশ কাটতে না কাটতেই ফের বুধবার একই রকম গাফিলতির ঘটনা সামনে এল। একজন রোগীর রক্ত, ইউএসজি ও ইসিজির রিকুইজিশনের কাগজ অন্য রোগীর আত্মীয়ের হাতে তুলে দেওয়ার অভিযোগ উঠেছে।

ঘটনাটি ঘটেছে এইচসিসিইউ (১) বিভাগে। অভিযোগ, পূর্ব বর্ধমানের জামালপুরের পারাতলের দোলন মালিক, যিনি হাই সুগার, বমি ও পেটে ব্যথা নিয়ে ভর্তি ছিলেন ৫ নম্বর বেডে। তাঁর পরিবারের হাতে ভুল করে রিকুইজিশন ধরিয়ে দেয় হাসপাতালের সংশ্লিষ্ট বিভাগ। পরিবারটি সেই রিকুইজিশন নিয়েই ব্লাডব্যাঙ্কে জমা দেন, কিন্তু ডোনার না থাকায় সেটি গ্রহণ করা হয়নি। অন্যদিকে, একই ওয়ার্ডে ৭ নম্বর বেডে ভর্তি গলসীর উচ্চগ্রামের পুতুল বাগ, যিনি কিডনি সমস্যায় চিকিৎসাধীন, তাঁর নামে ইসিজি ও ইউএসজির রিকুইজিশন চলে যায় দোলন মালিকের পরিবারের হাতে। সংশ্লিষ্ট দপ্তরে গিয়ে বিষয়টি জানতে পেরে হতবাক হয়ে যান পরিবারের সদস্যরা।

সবচেয়ে উদ্বেগজনক বিষয়—দোলন মালিকের পরিবার ব্লাডব্যাঙ্কে যে রক্তের রিকুইজিশন জমা দিয়েছিলেন, সেটিও ছিল পুতুল বাগের নামে। পরিবারের দাবি, বিষয়টি জানানো হলে হাসপাতাল কর্তৃপক্ষ পুতুল বাগের নামে থাকা কাগজপত্রগুলো ফিরিয়ে নেয় এবং জানায়, “আপনাদের রোগীর রক্ত লাগবে না।”

কয়েকদিন আগেই ভুল রক্ত দেওয়ার ঘটনায় একজন রোগীর মৃত্যু হওয়ায় হাসপাতালের গাফিলতি নিয়ে তীব্র ক্ষোভ দেখা দিয়েছিল। তার মধ্যেই ফের রিকুইজিশন ভুল হাতে যাওয়ার ঘটনায় রোগী পরিষেবার নিরাপত্তা ও দক্ষতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে। রোগীর পরিবার দাবি করেছে, এমন ভুল যাতে আর না ঘটে, সেই ব্যবস্থা নিতে হবে অবিলম্বে। এই বিষয়ে হাসপাতালের সুপার তাপস ঘোষ বলেন, ‘এমন কোনও অভিযোগ পাইনি। তবে খোঁজ নিয়ে দেখছি।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *